শেষ ম্যাচেও হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পার্থে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে আফঈদারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উজবেকিস্তান। সেই চাপের মুখেই ১০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। দারুণ এক আক্রমণ থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
গোল হজমের পর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের মেয়েরা। কয়েকটি আক্রমণও তৈরি করেন ঋতুপর্ণা চাকমা ও সতীর্থরা। প্রথমার্ধে সমতা ফেরানোর কাছাকাছিও পৌঁছেছিল দলটি, তবে উজবেক গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি। ফলে ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর দ্রুত দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় উজবেকিস্তান। ৬২ মিনিটে দিলদোরা নোজিমোভা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র চার মিনিট পর আবারও গোল করে তিনি দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
ম্যাচের ৭০ মিনিটে উজবেকিস্তান আরও একটি গোল করলেও ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল করা হয়।
ম্যাচের ৮৮ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নিলুভার কুদ্রাতোভা।
পুরো ম্যাচে কয়েকবার দারুণ সেভ করে বাংলাদেশকে বড় ব্যবধানে হার থেকে বাঁচানোর চেষ্টা করেন গোলরক্ষক মিলি আক্তার। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
এই হারের ফলে গ্রুপ পর্বেই শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের এবারের এশিয়ান কাপ অভিযান। যদিও শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে টুর্নামেন্ট থেকে মূল্যবান অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরবে তরুণ এই দল।