logo

রিভার প্লেটের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্কালোনি

রিভার প্লেটের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: গেটি ইমেজ

আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের পরবর্তী কোচ হতে পারেন লিওনেল স্কালোনি। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে আলোচনা জোরালো হলেও সেই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, রিভারের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। আপাতত জাতীয় দল নিয়েই ভাবছেন তিনি।

এদুয়ার্দো কুদেত রিভারের দায়িত্ব ছাড়ার পর থেকেই সম্ভাব্য নতুন কোচ হিসেবে স্কালোনির নাম আলোচনায় আসে। এমনও খবর ছড়ায়, ২০২৭ সাল থেকে তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা যাচাই করতে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে বুয়েনস আয়ার্সের ক্লাবটি। তবে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। আমার সঙ্গে কেউ কথা বলেনি। ৩১ ডিসেম্বর পর্যন্ত আমি এখানেই আছি এবং কারও কথা শুনব না। রিভারের বিষয়টি সত্য নয়, কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নতুন চুক্তি নিয়ে এরই মধ্যে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি জানিয়েছেন, দুই পক্ষই একসঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী। তিনি বলেন, ‘দুই পক্ষেরই আগ্রহ আছে, এটাই গুরুত্বপূর্ণ। আমরা কেবল আলোচনা শুরু করেছি। সামনে আবার কথা বলার চেষ্টা করব। কোনো সিদ্ধান্ত হলে সেটি জানানো হবে।’

কুদেতের বিদায়ের পর রিভারের দায়িত্ব আপাতত সামলাচ্ছেন লিওনার্দো পোনজিও। ক্লাবটি বছরের শেষ দিকে স্থায়ী কোচ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। সেই সম্ভাব্য তালিকায় স্কালোনির নাম উঠে এলেও আপাতত তার বক্তব্যে রিভারের সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই।

আর্জেন্টিনার দায়িত্বে থেকেই বছরের শেষ পর্যন্ত কাজ করার কথা স্পষ্ট করে দিয়েছেন স্কালোনি। এমনকি নতুন চুক্তিতে সমঝোতা না হলেও ৩১ ডিসেম্বরের আগে অন্য কোনো প্রস্তাব শুনবেন না বলেও জানিয়েছেন তিনি।