Advertisement

মরিনহোর চাওয়ায় এন্দ্রিককে ছাড়ছে না রিয়াল

এশিয়া পোস্ট স্পোর্টস
মরিনহোর চাওয়ায় এন্দ্রিককে ছাড়ছে না রিয়াল
রিয়ালের ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিক। ছবি: গেটি ইমেজ

রোমা ও অ্যাস্টন ভিলার আগ্রহে আবারও রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দ্রিকের। তবে কোচ হোসে মরিনহোর চাওয়ায় আপাতত সেই সম্ভাবনা দূরে সরে গেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চলতি দলবদলে ছাড়তে কিংবা ধারে পাঠাতে চাইছে না স্প্যানিশ ক্লাবটি।

Advertisement

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, এন্দ্রিককে রাখার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন মরিনহো। নতুন শিষ্যের সঙ্গে কাজ শুরুর পরই ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামর্থ্যে সন্তুষ্ট হয়েছেন পর্তুগিজ কোচ।

এন্দ্রিককে শুধু কেন্দ্রীয় ফরোয়ার্ড হিসেবে নয়, আক্রমণভাগের ডান প্রান্তেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে মরিনহোর। তাই ইউরোপের কয়েকটি ক্লাব আগ্রহ দেখালেও এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো আলোচনায় বসেনি রিয়াল।

নতুন মৌসুমে এন্দ্রিককে ৯ নম্বর জার্সিও দিয়েছে মাদ্রিদের ক্লাবটি। এমন ইঙ্গিত পাওয়ার পর রিয়ালে থেকে নিজের জায়গার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ। ইউরোপের দলবদলের সময়সীমা শেষ হবে ১ সেপ্টেম্বর। তবে বর্তমান পরিস্থিতিতে এর আগে তার ভবিষ্যৎ বদলে যাওয়ার সম্ভাবনা কম।

গত মৌসুমের প্রথম ভাগে রিয়ালে পর্যাপ্ত সুযোগ পাননি এন্দ্রিক। জাবি আলোনসোর অধীনে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি, যার মধ্যে একটিতে ছিলেন শুরুর একাদশে। নিয়মিত খেলার সুযোগ পেতে জানুয়ারিতে ধারে যোগ দেন ফরাসি ক্লাব লিওঁতে।

ফ্রান্সে গিয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন এন্দ্রিক। লিওঁর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে আটটি গোল করেন তিনি। অধিকাংশ ম্যাচেই শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লিওঁতে যাওয়ার আগে রিয়ালের হয়ে প্রথম মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে ৩৭ ম্যাচে সাতটি গোল করেছিলেন এন্ড্রিক। তবে মাত্র আটটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন। মরিনহোর অধীনে এবার সেই চিত্র বদলানোর আশা করছেন তিনি।

এন্ড্রিকের ঘনিষ্ঠদের ধারণা, বর্তমান পরিস্থিতি আগের মৌসুমের তুলনায় আলাদা। জাবির কাছ থেকে নিয়মিত সুযোগের নিশ্চয়তা না পেলেও মরিনহো তার সম্ভাব্য ভূমিকা পরিষ্কার করে দিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর মতো ব্রাজিলিয়ানদেরও রিয়ালে প্রতিষ্ঠিত হতে সময় লেগেছিল। এন্ড্রিকও সেই পথ অনুসরণ করতে চান।

আগামী ২২ আগস্ট এসপানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল। মৌসুমের প্রথম ভাগে এন্ড্রিক কতটা সুযোগ পান, সেটি দেখেই জানুয়ারিতে তাঁর ভবিষ্যৎ আবার মূল্যায়ন করা হতে পারে। তবে আপাতত মরিনহোর পরিকল্পনার অংশ হিসেবেই মাদ্রিদে থাকছেন ব্রাজিলিয়ান তরুণ।