আর্জেন্টিনা দলে ফিরতে ইচ্ছে করে ডি মারিয়ার, তবে…

আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার ইচ্ছা মাঝেমধ্যে মনে জাগে বলে স্বীকার করলেও আলবিসেলেস্তেরাদের সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া পরিষ্কার করে দিয়েছেন—তার আন্তর্জাতিক অধ্যায় ২০২৪ সালেই শেষ হয়ে গেছে। রোজারিও সেন্ট্রালের এই উইঙ্গার বলেছেন, আবেগ কাজ করলেও সিদ্ধান্ত অপরিবর্তিত: আলবিসেলেস্তেতে ফেরার প্রশ্নে তার উত্তর এখন ১০০ শতাংশই না।
এক টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া জাতীয় দলে ফেরা, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। উপস্থাপক গিয়ের্মো লোপেজ যখন জিজ্ঞেস করেনর ২০২৫ সালে ভালো ফর্মে থাকায় আবার জাতীয় দলে ফেরার তাগিদ অনুভব করেন কি না, তখন ডি মারিয়া বলেন: ‘মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি—ফেরা হবে না।’
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে তিনি সম্মানের সঙ্গে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। এর আগে তিনি ২০০৮ অলিম্পিক, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ কাতার বিশ্বকাপ—সব ফাইনালেই গোল করেছিলেন।
এছাড়াও রোজারিও সেন্ট্রালে নিজের শুরুর দিনগুলো স্মরণ করে তিনি বলেন, একসময় ফুটবল ছাড়ার দ্বারপ্রান্তেও ছিলেন তিনি।
সাক্ষাৎকারের শেষে আবেগপ্রবণ হয়ে ডি মারিয়া বলেন, তার সব সাফল্যের পেছনে পরিবারের ত্যাগই সবচেয়ে বড় শক্তি।