logo

সুইডেনের বিশ্বকাপ দলে নেই বার্সা তারকা রুনি বার্দঘজি

সুইডেনের বিশ্বকাপ দলে নেই বার্সা তারকা রুনি বার্দঘজি
রুনি বার্দঘজি। ছবি : সংগৃহীত

বার্সেলোনার লা লিগা জয়ের মৌসুমে তিনি ছিলেন স্কোয়াডের অংশ। খুব বড় ভূমিকা নয়, তবু তরুণ বয়সে স্পেনের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটিতে জায়গা করে নেওয়াই আলাদা আলোচনার বিষয়। কিন্তু সেই আলো বিশ্বকাপের দরজা খুলে দিল না রুনি বার্দঘজির জন্য। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত সুইডেনের ২৬ সদস্যের দলে জায়গা হয়নি বার্সেলোনার ২০ বছর বয়সি উইঙ্গারের।

সুইডেন কোচ গ্রাহাম পটার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। দলে আছেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর জিওকেরেস, অ্যান্থনি এলাঙ্গা, লুকাস বার্গভাল ও ভিক্টর লিন্ডেলফের মতো পরিচিত নাম। তবে জায়গা হয়নি বার্দঘজির। টটেনহামের দেজান কুলুসেভস্কিও হাঁটুর চোটের কারণে দলে নেই।

বার্দঘজিকে দলে নেওয়া হবে কি না, সেটি নিয়ে কিছুটা আলোচনা ছিল। কুয়েতে জন্ম নেওয়া এই উইঙ্গার গত অক্টোবরে সুইডেন জাতীয় দলে অভিষেক করেন। পটার দায়িত্ব নেওয়ার পরও একবার তার অধীনেও খেলেছেন। তবে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা হয়নি তার। শেষ পর্যন্ত পটার বিশ্বকাপের মতো বড় আসরে বেশি প্রতিষ্ঠিত ও নিজের পরিকল্পনার সঙ্গে মানানসই খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছেন।

বার্সেলোনার হয়ে মৌসুমটাও বার্দঘজির জন্য পুরোপুরি খারাপ ছিল না। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। তবে বেশির ভাগ সময়ই ছিলেন স্কোয়াডের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা খেলোয়াড়। লা লিগা শিরোপা জেতা বার্সা দলে তার ভূমিকা ছিল সীমিত। বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার দৌড়ে সম্ভবত সেটিই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সুইডেনের আক্রমণভাগে প্রতিযোগিতাও কম ছিল না। আর্সেনালের ভিক্টর জিওকেরেস, লিভারপুলের আলেকজান্ডার ইসাক, নিউক্যাসলের অ্যান্থনি এলাঙ্গা ও ক্লাব ব্রুগের গুস্তাফ নিলসন জায়গা পেয়েছেন ফরোয়ার্ড লাইনে। চমক হিসেবে দলে আছেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল হোলস্টাইন কিয়েলের ফরোয়ার্ড আলেকজান্ডার বের্নহার্ডসন। বার্দঘজির বদলে এমন বিকল্পদের বেছে নেওয়া পটার কী ধরনের আক্রমণ পরিকল্পনা করছেন, সেটিরও ইঙ্গিত দেয়।

বার্দঘজি একমাত্র আলোচিত বাদ পড়া খেলোয়াড় নন। ফ্রাঙ্কফুর্টের মিডফিল্ডার হুগো লারসন, সেলতা ভিগোর উইঙ্গার উইলিয়ট সোয়েডবের্গ এবং বেনফিকার লেফটব্যাক সামুয়েল ডালও দলে জায়গা পাননি। সোয়েডবের্গ সেলতার হয়ে মৌসুমে ৯ গোল ও ৭ অ্যাসিস্ট করলেও পটারের বিশ্বকাপ পরিকল্পনায় ঢুকতে পারেননি।

সুইডেনের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ। ২০১৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলবে তারা। সরাসরি নয়, প্লে-অফ পেরিয়ে মূল পর্বে জায়গা করেছে সুইডেন। সেমিফাইনালে ইউক্রেনকে এবং ফাইনালে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে পটারের দল। সেই প্লে-অফে যাওয়ার পথও তৈরি হয়েছিল ২০২৪-২৫ নেশনস লিগের পারফরম্যান্সের কারণে।

বিশ্বকাপে সুইডেন পড়েছে গ্রুপ ‘এফ’-এ। তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া, নেদারল্যান্ডস ও জাপান। মূল আসরের আগে ১ জুন অসলোতে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সুইডেন। এরপর ৪ জুন স্টকহোমে গ্রিসের বিপক্ষে বিশ্বকাপ-পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচ।

থাকবেই।

সুইডেনের বিশ্বকাপ দল

গোলরক্ষক: ভিক্টর ইয়োহানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ট, ইয়াকব উইডেল জেটারস্ট্রোম।

ডিফেন্ডার: ইয়ালমার একডাল, গ্যাব্রিয়েল গুদমুন্ডসন, ইসাক হিয়েন, এমিল হল্ম, গুস্তাফ লাগারবিয়েলকে, ভিক্টর লিন্ডেলফ, এরিক স্মিথ, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড, ড্যানিয়েল সভেনসন।

মিডফিল্ডার: তাহা আলী, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভাল, ইয়েসপার কালস্ট্রম, বেঞ্জামিন নিগ্রেন, কেন সেমা, মাতিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি।

ফরোয়ার্ড: আলেকজান্ডার বের্নহার্ডসন, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর জিওকেরেস, আলেকজান্ডার ইসাক, গুস্তাফ নিলসন।