Advertisement

জোড়া গোলের রাতে তাস বিলিয়ে সমালোচকদের জবাব নেইমারের

এশিয়া পোস্ট স্পোর্টস
জোড়া গোলের রাতে তাস বিলিয়ে সমালোচকদের জবাব নেইমারের
নেইমার জুনিয়র। ছবি: গেটি ইমেজ

পোকার খেলায় অংশ নেওয়া নিয়ে সপ্তাহজুড়ে সমালোচনা শুনেছেন ব্রাজিল তারকা নেইমার। সেই সমালোচনার জবাবে মাঠে ফিরেই করলেন জোড়া গোল। আর প্রথম গোলের পর তাস বিলানোর ভঙ্গিতে উদ্‌যাপন করে সমালোচকদের জবাবটাও যেন মাঠেই দিলেন ব্রাজিলিয়ান তারকা।

শনিবার ব্রাজিলিয়ান সিরি আতে শাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠ ভিলা বেলমিরোয় ২-২ গোলে ড্র করেছে সান্তোস। ম্যাচের ৩৫তম মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনের সময় দুই হাতে তাস বিলানোর ভঙ্গি করেন তিনি।

সম্প্রচারকারী স্পোর্তভি ও প্রিমিয়ারের ক্যামেরায় উদ্‌যাপনের সময় নেইমারকে সমালোচকদের উদ্দেশে কিছু বলতেও দেখা যায়। পরে আরও একটি গোল করেন তিনি। তবে তার জোড়া গোলও সান্তোসকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি। পয়েন্ট তালিকার তলানিতে থাকা শাপেকোয়েন্সে শেষ পর্যন্ত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

গত মঙ্গলবার ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের বড় জয়ের ম্যাচে ছিলেন না নেইমার। এর মধ্যে সাও পাওলোতে দুই দিনব্যাপী একটি পোকার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। প্রশ্ন ওঠে, দলের গুরুত্বপূর্ণ ম্যাচের সময় তার পোকার আসরে থাকা নিয়ে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার জানান, পোকার খেলতে যাওয়ার দিনটি তার ছুটির দিন ছিল। সকালে অনুশীলন করার পরই সেখানে গিয়েছিলেন তিনি। নিজের অবসর কাটানোর বিষয় নিয়ে অন্যদের মাথা না ঘামানোর পরামর্শও দেন সান্তোস ফরোয়ার্ড।

বিশ্বকাপের পর সান্তোসের হয়ে প্রথম ম্যাচে জোড়া গোল করে মাঠের পারফরম্যান্স দিয়েও জবাব দিলেন নেইমার। তবে তার ব্যক্তিগত ঝলকের রাতেও জয় পাওয়া হলো না সান্তোসের।