logo

দেশের সংকটে চোখে জল, তবু ফুটবলে মনোযোগ রাখতে চান ইরানি ফুটবলাররা

দেশের সংকটে চোখে জল, তবু ফুটবলে মনোযোগ রাখতে চান ইরানি ফুটবলাররা

মাঠের বাইরে উদ্বেগ আর দুশ্চিন্তার ছায়া, তবু পেশাদার দায়িত্বে অটল থাকার চেষ্টা—এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছেন ইরানি নারী দলের ফুটবলাররা। নারী এশিয়ান কাপে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েও মন পড়ে আছে যুদ্ধাক্রান্ত নিজ দেশে। নারী এশিয়ান কাপের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন শুনতেই আবেগ ধরে রাখতে কষ্ট হচ্ছিল ইরানি স্ট্রাইকার সারা দিদারের।

সাংবাদিকরা যখন ইরানে চলমান রাজনৈতিক উত্তেজনা ও সামরিক হামলার প্রসঙ্গ তোলেন, তখন চোখে জল আটকে কথা বলেন এই ইরানি স্ট্রাইকার। তিনি বলেন, দেশের পরিস্থিতি এবং সেখানে থাকা পরিবার-পরিজনদের নিয়ে গভীর উদ্বেগে আছেন তারা।

দিদার বলেন, ‘এই খবর শুনে আমরা সবাই স্বাভাবিকভাবেই দুঃখিত ও উদ্বিগ্ন। ইরানে যা ঘটছে এবং সেখানে থাকা আমাদের পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমরা খুব চিন্তিত। তবু আমি আশা করি, সামনে আমাদের দেশের জন্য ভালো খবর আসবে এবং আমার দেশ শক্তভাবেই টিকে থাকবে।’

তিনি জানান, দেশের সঙ্গে যোগাযোগও অনেক সময় কঠিন হয়ে পড়েছে। ফলে ভেতরে থাকা পরিবার ও স্বজনদের খোঁজখবর না পাওয়ায় দুশ্চিন্তা আরও বাড়ছে।

ইরানি এই ফুটবলার বলেন, ‘অবশ্যই আমরা আমাদের পরিবার নিয়ে খুব চিন্তিত। ইরানের মানুষদের জন্যও আমাদের অনেক দুশ্চিন্তা রয়েছে। যুদ্ধ কেউই চায় না। দেশের ভেতরে থাকা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আমরা অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় আছি, সেটি আমাদের জন্য খুব কষ্টের।’

তবে সব উদ্বেগের মাঝেও নিজেদের পেশাদার দায়িত্ব থেকে সরে আসতে চান না দিদার। তিনি বলেন, দলের হয়ে খেলতে এসে যতটা সম্ভব মনোযোগ ফুটবলের দিকেই রাখার চেষ্টা করছেন।

তার ভাষায়, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। তাই পেশাদার ফুটবলার হিসেবে চেষ্টা করছি নিজের দায়িত্ব পালন করতে এবং সামনে থাকা ম্যাচের দিকেই মনোযোগ রাখতে।’

সব উদ্বেগের মাঝেও তারা চেষ্টা করছেন মাঠে নিজেদের সেরাটা দেওয়ার।