ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ব্যাপারে অনড় ক্যাসেমিরো

সমর্থকদের আবেগঘন অনুরোধ, সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম—কিছুই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে পারছে না। মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্তে অটল ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন ৩৪ বছর বয়সি এই তারকা। ইতোমধ্যে মেজর লিগ সকারের (এমএলএস) দুই ক্লাব—ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি ট্রান্সফারে এই দলগুলোর একটিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত জানান ক্যাসেমিরো। তবে এরপরই মাঠে তার পারফরম্যান্সে দেখা গেছে উল্টো চিত্র ক্রমশই ফর্মে ফিরেছেন তিনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে ১৫ মার্চের ম্যাচে গোল করার পর ওল্ড ট্র্যাফোর্ডজুড়ে ধ্বনিত হয় ‘ওয়ান মোর ইয়ার, ওয়ান মোর ইয়ার, ক্যাসেমিরো।’
তবু আবেগে ভাসেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
ব্রাজিলের হয়ে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যানচেস্টারে আমি এখনও দারুণ উপভোগ করছি। সমর্থকদের যে ভালোবাসা পেয়েছি, তা বিশাল। কিন্তু আমি মনে করি সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। এটা বদলানোর কথা ভাবছি না।’
তিনি আরও যোগ করেন, সামনে ইউনাইটেডের হয়ে শেষ কয়েকটি ম্যাচ আবেগঘন হবে বলেই মনে করছেন।
ক্যাসেমিরোর বর্তমান চুক্তিতে এক বছরের এক্সটেনশন অপশন থাকলেও সেটি সক্রিয় করছে না ক্লাব। নির্দিষ্ট সংখ্যক ম্যাচ (ধারণা করা হয় ৩৫টি) খেললে এই অপশন কার্যকর হওয়ার সুযোগ ছিল। তবে ক্লাবের পরিকল্পনায় তা নেই।
ইউনাইটেডে তিন মৌসুমে তার বার্ষিক বেতন ছিল প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড, আর ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলায় তা বেড়ে দাঁড়ায় ১৮ মিলিয়ন পাউন্ডে।
তার সাম্প্রতিক উন্নতির পেছনে বড় ভূমিকা রয়েছে নতুন কোচ মাইকেল ক্যারিকের। জানুয়ারিতে রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব নেওয়ার পর দলকে ৪-২-৩-১ ফরমেশনে ফেরান ক্যারিক। এতে কোবি মাইনুর সঙ্গে মিডফিল্ড জুটি গড়ে আবারও প্রভাব বিস্তার করতে শুরু করেন ক্যাসেমিরো।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিক আমার পজিশনের একজন বিশেষজ্ঞ। তিনি নিজেও অসাধারণ খেলোয়াড় ছিলেন। তাই তার সঙ্গে কাজ করা সহজ। তিনি সবসময় আমাদের সঙ্গে কথা বলেন।’
বর্তমানে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে আসা ইউনাইটেডকে আবার চ্যাম্পিয়নস লিগে ফেরানোই এখন তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান।
আন্তর্জাতিক বিরতির পর ব্রাজিলের হয়ে আরেকটি প্রীতি ম্যাচ খেলবেন ক্যাসেমিরো, এরপর ফিরবেন ইংল্যান্ডে। আগামী ১৩ এপ্রিল লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার প্রিমিয়ার লিগে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
সূত্র: দ্য অ্যাথলেটিক