Advertisement
মার্কার প্রতিবেদন

মরিনহোর সিদ্ধান্তে রিয়াল ছাড়তে পারেন এন্দ্রিক

এশিয়া পোস্ট স্পোর্টস
মরিনহোর সিদ্ধান্তে রিয়াল ছাড়তে পারেন এন্দ্রিক
এন্দ্রিক ও হোসে মরিনহো। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোর নতুন পরিকল্পনায় অনিশ্চিত হয়ে পড়েছে ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিকের ভবিষ্যৎ। আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আগামী মৌসুমের জন্য ধারে পাঠানোর কথা আবারও ভাবছে স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার আগে বর্তমান দলের সদস্যসংখ্যা কমাতে হবে রিয়ালকে। সেই লক্ষ্যে সব বিভাগ থেকেই কয়েকজনকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। দলে জায়গা তৈরি করার পাশাপাশি আর্থিক ভারসাম্য বজায় রাখতেও কয়েকটি দলবদল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আক্রমণভাগে এন্ড্রিকের পরিস্থিতি বদলে দিয়েছে প্রাক্‌-মৌসুমে গঞ্জালো গার্সিয়ার পারফরম্যান্স। একসময় তাকেই ধারে পাঠানোর সম্ভাব্য খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছিল। তবে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে মরিনহোকে মুগ্ধ করেছেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

দলের অন্য আক্রমণভাগের খেলোয়াড়দের চেয়ে আলাদা বৈশিষ্ট্য থাকায় গঞ্জালোকে গুরুত্বপূর্ণ মনে করছেন রিয়ালের পর্তুগিজ কোচ। নতুন মৌসুমের পরিকল্পনায় তাকে রেখে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন মরিনহো। এর ফলে এন্ড্রিককে ধারে পাঠানোর আলোচনা আবার সামনে এসেছে।

রিয়ালে নিয়মিত খেলার নিশ্চয়তা না থাকায় এন্ড্রিকের উন্নতি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন ক্লাবের কর্মকর্তারা। তাই এমন কোনো ক্লাবে তাকে পাঠানোর কথা ভাবা হচ্ছে, যেখানে নিয়মিত মাঠে নেমে নিজের বিকাশের ধারা ধরে রাখতে পারবেন।

মার্কার দাবি, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতির পরিবর্তন না হলে এন্ড্রিককে ধারে পাঠানোর সম্ভাবনা আরও জোরালো হবে। তবে এটি স্থায়ীভাবে বিক্রি করার পরিকল্পনা নয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখনো রিয়ালের দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ।

রিয়ালের দল পুনর্গঠন শুধু আক্রমণভাগেই সীমাবদ্ধ থাকছে না। ডিফেন্ডার রাউল আসেনসিওকে ক্লাব ছাড়ার প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ভালো প্রস্তাব পেলে ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকেও বিক্রি করা হতে পারে।

সদ্য রিয়ালে যোগ দেওয়া আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও নিয়মিত খেলার সুযোগ দিতে ধারে পাঠানোর সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নতুন মৌসুমের আগে বেশ কয়েকজনকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে মরিনহোকে।

রিয়ালের হয়ে নিজের জায়গা প্রতিষ্ঠার লড়াইয়ে তাই গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহ অপেক্ষা করছে এন্ড্রিকের সামনে। প্রস্তুতি পর্বে মরিনিওকে সন্তুষ্ট করতে না পারলে সাময়িকভাবে মাদ্রিদ ছাড়াই হতে পারে তাঁর পরবর্তী গন্তব্য।