logo
Advertisement

বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাফুফে

এশিয়া পোস্ট স্পোর্টস
বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাফুফে
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ গড়াতে পারে মাঠে। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল জাতীয় দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠকে বসবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

Advertisement

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাফুফে। বৈঠকে শুধু প্রীতি ম্যাচ নয়, ভবিষ্যতে ব্রাজিলের ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।

এর আগে রোববার দুপুর ১টায় ঢাকায় আসে সিবিএফের একটি প্রতিনিধি দল। সম্ভাব্য সফরের সুযোগ-সুবিধা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি কয়েকটি আবাসিক হোটেলও ঘুরে দেখেন তারা।

দুই স্টেডিয়ামের মাঠ ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য বলে মত দিয়েছে প্রতিনিধি দল। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বহির্গমন গেটের নিরাপত্তাব্যবস্থাসহ কয়েকটি জায়গায় উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তারা। এসব কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব বলেও মনে করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার ভোররাত ১টা ৪০ মিনিটে ঢাকা ছেড়েছে সিবিএফের প্রতিনিধি দল। চলতি সপ্তাহের মধ্যেই ঢাকা সফরের পর্যবেক্ষণ ও সুপারিশ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার কথা তাদের।

জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কারে স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বাফুফের নেওয়া উদ্যোগও প্রতিনিধি দলের প্রশংসা পেয়েছে। এই ইতিবাচক মূল্যায়নকে মাঠ উন্নয়নের সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে বাফুফে। স্টেডিয়ামের বাকি অবকাঠামো আন্তর্জাতিক দলের উপযোগী করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

সফরের শেষ পর্যায়ে সিবিএফ প্রতিনিধি দল ও বাফুফে কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে অবকাঠামো ও মাঠের উন্নয়ন, যৌথ কোচিং কর্মসূচি, ক্রীড়াবিজ্ঞান এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই ফেডারেশনের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ব্রাজিলের বিভিন্ন প্রীতি ম্যাচে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি তাদের নজরে পড়েছে। ব্রাজিল দল বাংলাদেশে এলে এখানকার সমর্থকদের কাছ থেকেও একই ভালোবাসা পাওয়ার আশা প্রকাশ করেছেন তারা।

বিভিন্ন গণমাধ্যমে ৫ অথবা ৬ অক্টোবর সম্ভাব্য ম্যাচের তারিখ হিসেবে উল্লেখ করা হলেও বাফুফের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট দিন জানানো হয়নি। আপাতত নিশ্চিত খবর, ব্রাজিলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে বাফুফে। ম্যাচটি হবে কি না, সেটি নির্ভর করবে দুই ফেডারেশনের পরবর্তী আলোচনা ও সিবিএফের সিদ্ধান্তের ওপর।

বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাফুফে