logo

ডি ব্রুইনা-লুকাকুকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ডি ব্রুইনা-লুকাকুকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

একসময় বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ‘সোনালি প্রজন্ম’ ছিল বেলজিয়ামের। সেই প্রজন্মের আলো এখন অনেকটাই ম্লান, তবে শেষ অধ্যায়ের কয়েকটি বড় নাম এখনও আছে। সেই শেষ বড় কয়েক নামের সম্ভাব্য শেষ অভিযান হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।


বিশ্বকাপের জন্য ঘোষিত বেলজিয়ামের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন বেলজিয়ামের সোনালি প্রজন্মের কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়া ও অ্যাক্সেল উইটসেল। তবে দলে জায়গা হয়নি আয়াক্সের তরুণ ফরোয়ার্ড মিকা গডটসের, যা স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় চমকগুলোর একটি।

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছেন শুক্রবার। গত জানুয়ারিতে দোমেনিকো তেদেসকোর জায়গায় দায়িত্ব নেওয়া ফরাসি কোচের অধীনে এটিই বেলজিয়ামের প্রথম বড় টুর্নামেন্ট। গার্সিয়ার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে বিশ্বকাপের পরই।

ডি ব্রুইনা ও লুকাকু দুজনই মৌসুমজুড়ে চোটে ভুগেছেন। তবু অভিজ্ঞতা, মর্যাদা এবং জাতীয় দলের দীর্ঘদিনের অবদানের কারণে তাদের ওপর আস্থা রেখেছেন গার্সিয়া। নাপোলির দুই তারকা ডি ব্রুইনা ও লুকাকুর জন্য এটি হতে যাচ্ছে চতুর্থ বিশ্বকাপ। একইভাবে রিয়াল মাদ্রিদ গোলকিপার কোর্তোয়া ও জিরোনার মিডফিল্ডার উইটসেলের জন্যও এটি হতে পারে শেষ বিশ্বকাপ।

স্কোয়াডে উইটসেলের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা আছে। ৩৭ বছর বয়সি এই ফুটবলারকে দলে রাখা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সেন্টারব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ড—দুই জায়গাতেই খেলতে পারার ক্ষমতা এবং অভিজ্ঞতার কারণে তাকে রেখেছেন গার্সিয়া। তরুণ দলকে ভারসাম্য দিতে উইটসেলের উপস্থিতি গুরুত্বপূর্ণ মনে করছেন বেলজিয়াম কোচ।

মিডফিল্ডে উইটসেল ও রেঞ্জার্সের নিকো রাসকিন জায়গা পাওয়ায় বাদ পড়েছেন পার্মার মান্দেলা কেইতা, চেলসির রোমিও লাভিয়া, মার্শেইয়ের আর্থার ভেরমিরেন ও আন্ডারলেখটের ১৭ বছর বয়সি প্রতিভা নাথান দে ক্যাট। বিশেষ করে দে ক্যাটের দুর্দান্ত ব্রেকথ্রু মৌসুমের পরও বাদ পড়া নজর কেড়েছে।

আক্রমণভাগে আছেন জেরেমি ডোকু, লিয়ান্দ্রো ট্রোসার্ড, চার্লস ডি কেতেলার, অ্যালেক্সিস সালেমাকার্স ও রোমেলু লুকাকু। তবে জায়গা হয়নি লিওঁর ২১ বছর বয়সি উইঙ্গার মালিক ফোফানার। গোড়ালির চোট কাটিয়ে সম্প্রতি ফিরলেও তাকে বিশ্বকাপ দলে রাখেননি গার্সিয়া।

সবচেয়ে বড় বাদ সম্ভবত মিকা গডটস। আয়াক্সের ২০ বছর বয়সি ফরোয়ার্ড চলতি মৌসুমে এরেদিভিসিতে ১৭ গোল করেছেন, সঙ্গে আছে ১২ অ্যাসিস্ট। ডাচ লিগের গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা এই তরুণের বাদ পড়া বেলজিয়ামের স্কোয়াড ঘোষণার বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ফরোয়ার্ড লাইনে জায়গা পেয়েছেন লিলের মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। গত বছর স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত বদলে বেলজিয়ামের পথ বেছে নেওয়া এই ফরোয়ার্ড এখনও সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাকে রাখা হয়েছে জুভেন্টাসে ধারে খেলা লুইস ওপেন্ডার জায়গায়, যিনি আরবি লাইপজিগ থেকে যাওয়ার পর গোলের জন্য সংগ্রাম করছেন।

লুকাকুর অন্তর্ভুক্তিও আলাদা নজর কাড়ছে। চোটের কারণে এই মৌসুমে সিরি আ-তে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন একটি। জাতীয় দলের হয়েও সর্বশেষ খেলেছেন ২০২৫ সালের জুনে। তবে বেলজিয়ামের হয়ে ১২৪ ম্যাচে ৮৯ গোল করা এই স্ট্রাইকারকে বাদ দেওয়ার ঝুঁকি নেননি গার্সিয়া।

গোলকিপিং বিভাগে কোর্তোয়ার সঙ্গে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্নে লামেন্স এবং স্ট্রাসবুর্গে ধারে খেলা চেলসির মাইক পেন্ডার্স। তৃতীয় গোলকিপারের জায়গায় নটিংহ্যাম ফরেস্টের ম্যাটজ সেলসকে পেছনে ফেলেছেন পেন্ডার্স।

বেলজিয়াম ২০২৬ বিশ্বকাপে খেলবে গ্রুপ ‘জি’-তে। তাদের প্রতিপক্ষ মিসর, ইরান ও নিউজিল্যান্ড। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে অল্পের জন্য হারা বেলজিয়াম ২০১৮ সালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল, পরে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। এবার তারা ফেভারিট নয়, বরং ডার্ক হর্স হিসেবেই টুর্নামেন্টে যাচ্ছে।

এই অবস্থান হয়তো চাপ কমাতে পারে বেলজিয়ামের ওপর। ডোকু এখন দলের নতুন তাবিজ, তবে ডি ব্রুইনার সামনে এটিই হতে পারে জাতীয় দলের হয়ে বড় কিছু জেতার শেষ সুযোগ। সোনালি প্রজন্মের শেষ কয়েকজনকে নিয়ে গার্সিয়ার বেলজিয়াম তাই নামছে প্রত্যাশা ও অনিশ্চয়তার মাঝামাঝি জায়গা থেকে।

বেলজিয়ামের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলকিপার:

থিবো কোর্তোয়া, সেন্নে লামেন্স, মাইক পেন্ডার্স।

ডিফেন্ডার:

টিমোথি কাস্তানিয়, জেনো দেবাস্ট, ম্যাক্সিম দে কুইপার, কোনি দে উইন্টার, ব্র্যান্ডন মেখেলে, থমাস মুনিয়ে, নাথান এনগয়, জোয়াকিন সেয়স, আর্থার থিয়াটে।

মিডফিল্ডার:

কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকো রাসকিন, ইউরি তিলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড:

চার্লস ডি কেতেলার, জেরেমি ডোকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, দোদি লুকেবাকিও, দিয়েগো মোরেইরা, অ্যালেক্সিস সালেমাকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।