গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বাধা পেরিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার (২৫ এপ্রিল) গেতাফের মাঠে ২-০ গোলের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল।
এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৮৫। পাঁচ রাউন্ড বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে ১১ পয়েন্টে।
এর আগে শুক্রবার রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করেছিল মাদ্রিদের ক্লাবটি, আর সেই সুযোগটাই কাজে লাগাল বার্সা।
গেতাফে অবশ্য ম্যাচের শুরু থেকে কাতালানদের সহজে জায়গা দেয়নি। ইউরোপীয় প্রতিযোগিতার টিকিটের লড়াইয়ে থাকা দলটি প্রথমার্ধের বড় সময় বার্সেলোনাকে আটকে রাখে। তবে বিরতির ঠিক আগে ম্যাচের তালা খুলে দেন ফার্মিন লোপেজ। পেদ্রির থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে গেতাফে ফেরার চেষ্টা করলেও বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি। ৭৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। নিজেদের অর্ধ থেকে শুরু হওয়া আক্রমণে মাঝমাঠে বল পেয়ে এগিয়ে যান তিনি, এরপর বক্সের বাইরে থেকে ঠান্ডা মাথার নিচু শটে গোল করেন।