logo
Advertisement

কলকাতার পিচে আপত্তির পর ঢাকায় আসছে ব্রাজিলের প্রতিনিধি দল

এশিয়া পোস্ট স্পোর্টস
কলকাতার পিচে আপত্তির পর ঢাকায় আসছে ব্রাজিলের প্রতিনিধি দল
ভারতের মাঠ পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল। ছবি: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

কলকাতার মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট হতে পারেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল। সেখানকার পিচ নিয়ে নিজেদের উদ্বেগ জানানোর পর এবার বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের মাঠ দেখতে আসছেন ব্রাজিলের কর্মকর্তারা।

Advertisement

আজ রোববার ভারত থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা প্রতিনিধি দলটির। ঢাকায় তাদের নিশ্চিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্টেডিয়ামের পিচ ও সুযোগ-সুবিধা পরিদর্শন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য বৈঠকও করবেন তারা।

তবে এই সফরে ব্রাজিলের পরিকল্পনা ঠিক কী, সেটি এখনো নিশ্চিত নয়। ভারত সফরের অংশ হিসেবে বাংলাদেশে একটি ম্যাচ কিংবা অনুশীলন সেশন রাখার কথা তারা ভাবছে কি না, সে বিষয়ে সিবিএফ বা বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপাতত শুধু মাঠ পরিদর্শন ও সৌজন্য বৈঠকের বিষয়টিই নিশ্চিত।

আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। ম্যাচটির প্রস্তুতি ও সুযোগ-সুবিধা যাচাই করতে বৃহস্পতিবার ও শুক্রবার স্টেডিয়াম, অনুশীলনের মাঠ, ড্রেসিংরুম, হোটেল এবং নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন সিবিএফ কর্মকর্তারা।

তবে মূল পিচ দেখে ব্রাজিলের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। তাদের চোখে মাঠের কিছু অংশ অসমান এবং ঘাসের ঘনত্বও পর্যাপ্ত নয়। বর্তমান অবস্থায় খেললে ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থদের চোট পাওয়ার ঝুঁকি থাকতে পারে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তারা।

স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ডুরান্ড কাপের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় মাঠের ওপর বাড়তি চাপ পড়েছে। ব্রাজিলের ম্যাচের আগেই পিচ আন্তর্জাতিক মানে প্রস্তুত করার আশ্বাস দেওয়া হয়েছে।

ব্রাজিলের এই সফরের প্রাথমিক আলোচনা শুরু হওয়ার সময় সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশের নামও সামনে এসেছিল। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারকে বিবেচনায় রাখা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে ভারতের সঙ্গে আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে।

এই পটভূমিতে ব্রাজিলের প্রতিনিধিদের ঢাকা সফর নতুন কৌতূহল তৈরি করছে। তারা শুধু জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করছেন, নাকি সেলেসাওদের বৃহত্তর সফর পরিকল্পনায় বাংলাদেশের জন্যও কোনো জায়গা রাখা হচ্ছে, সেটি পরিদর্শন ও তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকের পরই পরিষ্কার হতে পারে।

কলকাতার পিচে আপত্তির পর ঢাকায় আসছে ব্রাজিলের প্রতিনিধি দল