বার্নাব্যুতে ফিনালিসিমা খেলতে আপত্তি নেই আর্জেন্টিনার

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচ ঘিরে অনিশ্চয়তা থাকলেও সমাধানের পথে কিছুটা অগ্রগতি হয়েছে। উয়েফা, কনমেবল, স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বৈঠকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম নিয়ে আলোচনা এগিয়েছে।
প্রথমদিকে বার্নাব্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাবে আপত্তি জানিয়েছিল আর্জেন্টিনা। তাদের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুর দাবি তোলা হয়েছিল। তবে বৈঠকের পর সে অবস্থান কিছুটা নরম হয়েছে এবং এখন বার্নাব্যুকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করতে রাজি হয়েছে তারা।
এর আগে বিকল্প হিসেবে লন্ডন, মিলান, রোম বা লিসবনে ম্যাচ আয়োজনের কথাও ভাবা হয়েছিল। কিন্তু নিরাপত্তা, আয়োজন ও টিকিট ব্যবস্থাপনার নানা জটিলতার কারণে সেই বিকল্পগুলো বাস্তবায়ন কঠিন হয়ে উঠছে।
আর্জেন্টিনার পক্ষ থেকেও বার্নাব্যু নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে এই স্টেডিয়ামেই কোপা লিবার্তাদোরেসের ফাইনালে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স মুখোমুখি হয়েছিল।
এদিকে মার্চের আন্তর্জাতিক সূচি মাথায় রেখে স্পেন ফুটবল ফেডারেশন ৩০ মার্চ একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করছে। সেই ম্যাচে স্পেনের প্রতিপক্ষ হতে পারে সার্বিয়া।
আগে কাতারের দোহায় স্পেন-মিসর ও সৌদি আরব-মিসরের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সে ম্যাচগুলো বাতিল হওয়ায় স্পেন ও সার্বিয়ার মধ্যে নতুন করে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
সময় স্বল্পতা এবং আয়োজনের সুবিধা বিবেচনায় সে ম্যাচটিও বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: মার্কা.কম