বিশ্বকাপের মাত্র দুই মাস আগে কোচ ছাঁটাই করল সৌদি আরব

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় বাকি থাকতে প্রধান কোচ হার্ভে রেনার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
শুক্রবার (১৭ এপ্রিল) এই সিদ্ধান্ত কার্যকর হয়, যা ফুটবল মহলে বেশ চমক তৈরি করেছে। রেনার্ড নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে।
৫৭ বছর বয়সি এই ফরাসি কোচ ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে তার অধীনেই ঐতিহাসিক সাফল্য পায় দলটি। সেই আসরে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখায় সৌদি আরব, যা ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত ম্যাচ।
কাতার বিশ্বকাপের পর রেনার্ড ফ্রান্স নারী দলের দায়িত্ব নিতে সরে দাঁড়ান। পরে আবার সৌদি আরবে ফিরে দ্বিতীয়বারের মতো কোচিং শুরু করেন।
তবে বিশ্বকাপের আগে হঠাৎ এই পরিবর্তন দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে সৌদি আরব রয়েছে গ্রুপ এইচ-এ, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে। আগামী ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত সৌদি আরবের জন্য কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।