logo

ভিনিসিয়ুস ইস্যুতে তদন্ত, এক ম্যাচে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

ভিনিসিয়ুস ইস্যুতে তদন্ত, এক ম্যাচে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগে বিতর্কিত ঘটনার জেরে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। ফলে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামতে পারবেন না এই আর্জেন্টাইন।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এসএল বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তদন্তে একজন এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইনস্পেক্টর (ইডিআই) নিয়োগ করা হয়। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) অনুচ্ছেদ ১৪ অনুযায়ী প্রেস্টিয়ানিকে পরবর্তী এক উয়েফা ক্লাব ম্যাচ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

অনুচ্ছেদ ১৪-তে বর্ণ, ত্বকের রং, ধর্ম, জাতিগত পরিচয়সহ যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণের জন্য ন্যূনতম ১০ ম্যাচ নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিতাদেশের বিধান রয়েছে। তদন্ত শেষ হলে শাস্তির মাত্রা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে উয়েফা। সংস্থাটি স্পষ্ট করেছে, চলমান তদন্তের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

প্রথম লেগে লিসবনের এস্তাদিও দা লুজে গোল করার পর রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন ভিনিসিয়ুস নিজেই। ঘটনাটি আমলে নিয়ে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে মাঠে বর্ণবাদবিরোধী প্রটোকল প্রয়োগ করেন।

উয়েফার অন্তর্বর্তী নিষেধাজ্ঞার ফলে বার্নাব্যুতে ভিনিসিয়ুস ও প্রেস্টিয়ানির মুখোমুখি হওয়া আর হচ্ছে না।

উয়েফার সিদ্ধান্ত ঘোষণার পরপরই বেনফিকা এক বিবৃতিতে হতাশা প্রকাশ করে জানিয়েছে, তদন্ত চলমান থাকা অবস্থায় খেলোয়াড়কে নিষিদ্ধ করায় তারা ক্ষুব্ধ এবং অবিলম্বে আপিল করবে। ক্লাবটির বক্তব্য, “আমরা সব ধরনের বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। এটি আমাদের ঐতিহাসিক পরিচয়ের অংশ।”

পাশাপাশি তারা মনে করিয়ে দেয়, কিংবদন্তি ইউসেবিওর মতো ব্যক্তিত্বদের উত্তরাধিকার বহন করে ক্লাবটি সবসময় সমতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।

তবে সময়ের সীমাবদ্ধতার কারণে আপিলের ফল চ্যাম্পিয়ন্স লিগের এই প্লে-অফ পর্বে তাৎক্ষণিক প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

তদন্তের অগ্রগতি ও উয়েফার চূড়ান্ত সিদ্ধান্ত এখন নজর কেড়েছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে।