logo

অবশেষে ১৪৮ দিন পর জয়ের দেখা পেল টটেনহ্যাম

অবশেষে ১৪৮ দিন পর জয়ের দেখা পেল টটেনহ্যাম
ম্যাচে দুর্দান্ত এক গোল করেন ম্যাডিসন। ছবি: গেটি ইমেজ

একের পর এক ম্যাচে ব্যর্থতা, সমর্থকদের হতাশা আর পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকা। অবশেষে সেই দুঃসময় কাটানোর আভাস পেল টটেনহ্যাম। দীর্ঘ ১৪৮ দিন পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। চোট কাটিয়ে ফেরা জেমস ম্যাডিসনের দুর্দান্ত গোলের পর ওমর মারমুশ ও বেন ডেভিসের নৈপুণ্যে কভেন্ট্রি সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মৌসুমের প্রথম লিগ জয় তুলে নেয় রবার্তো দে জারবির দল। প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকা টটেনহ্যাম সপ্তম ম্যাচে এসে পূর্ণ তিন পয়েন্টের স্বাদ পেল। ইংল্যান্ডের পেশাদার ফুটবলের শীর্ষ চার স্তরের ৯২টি ক্লাবের মধ্যে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পাওয়া সর্বশেষ দলও টটেনহ্যাম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। ১৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে টটেনহ্যামকে এগিয়ে দেন ম্যাডিসন। বক্সের বাইরে থেকে তাঁর বাঁকানো শট গিয়ে জড়ায় জালের ওপরের কোণে। ২০২৫ সালের মে মাসের পর প্রথমবার শুরুর একাদশে ফিরেই গোলের দেখা পেলেন ইংলিশ এই মিডফিল্ডার। সেটিও আবার নিজের সাবেক ক্লাব কভেন্ট্রির বিপক্ষে, যেখানে শুরু হয়েছিল তার পেশাদার ক্যারিয়ার।

তবে বিরতির পরই ধাক্কা খায় টটেনহ্যাম। ৪৯তম মিনিটে জ্যাক রুডোনির গোলে সমতায় ফেরে কভেন্ট্রি। টটেনহ্যামের ডিফেন্ডার ইয়ান পল ফান হেকে বল হারানোর পর সেই সুযোগ কাজে লাগায় সফরকারীরা। নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে স্বাগতিকেরা।

অবশ্য সেই শঙ্কা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে দুর্দান্ত এক শটে টটেনহ্যামকে আবার এগিয়ে দেন মারমুশ। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ঠেকানোর সুযোগ পাননি কভেন্ট্রির গোলরক্ষক। ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়ার পর টটেনহ্যামের জার্সিতে এটিই মিসরীয় ফরোয়ার্ডের প্রথম গোল।

তবে মারমুশের গোলটি বিতর্কমুক্ত ছিল না। শট নেওয়ার আগে কভেন্ট্রির ডিফেন্ডার মিলান ফান এভেইকের মুখে তার হাত লাগে। ফাউলের আবেদন করলেও রেফারি খেলা চালিয়ে যেতে দেন। পরে গোলটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কভেন্ট্রির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি সুখবর পায় টটেনহ্যাম। দীর্ঘ ৫২৬ দিন পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন দেজান কুলুসেভস্কি। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামলে তাকে করতালি দিয়ে স্বাগত জানান সমর্থকেরা।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেন ডেভিসের গোলে জয় নিশ্চিত করে টটেনহ্যাম। তাতেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে উত্তর লন্ডনের ক্লাবটির।

এই জয়ে সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ম্যাচের আগে পয়েন্ট তালিকার একেবারে নিচে ছিল তারা। মৌসুমের প্রথম ছয় ম্যাচে মাত্র তিন গোল করা দলটি এবার এক ম্যাচেই করল তিন গোল।

ম্যাচ শেষে জয়ে স্বস্তি প্রকাশ করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন টটেনহ্যাম কোচ দে জারবি। তার মতে, আগের কয়েকটি ম্যাচে আরও ভালো খেলেছিল দল। এদিনও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে তার শিষ্যদের।

চলতি মৌসুমে বড় অঙ্কের অর্থ খরচ করে দল সাজালেও শুরুটা ছিল হতাশাজনক। তবে ম্যাডিসনের প্রত্যাবর্তন, মারমুশের প্রথম গোল এবং কুলুসেভস্কির মাঠে ফেরা নতুন করে আশার আলো দেখাচ্ছে টটেনহ্যাম সমর্থকদের।