logo

হোয়াইট হাউসে মেসি ও ইন্টার মায়ামিকে সংবর্ধনা দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসে মেসি ও ইন্টার মায়ামিকে সংবর্ধনা দিলেন ট্রাম্প

মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের আনন্দ এবার পৌঁছে গেল হোয়াইট হাউসেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিল ইন্টার মায়ামি দল।

গত ডিসেম্বরে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি। সেই সাফল্য উদ্‌যাপন করতেই ওয়াশিংটনে ম্যাচ খেলতে যাওয়ার আগে হোয়াইট হাউসে আমন্ত্রণ পায় ক্লাবটি। 

হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সতীর্থদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টাইন তারকা মেসি। এ সময় সাংবাদিকদের সামনে ইন্টার মায়ামির সাফল্যের প্রশংসা করেন ট্রাম্প।

মেসিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে ব্যারন আমাকে জিজ্ঞেস করেছিল—আজ কে আসছে জানো? আমি বলেছিলাম, না, আমার অনেক কাজ চলছে। তখন সে বলল—মেসি! সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ।’

মেসির অসাধারণ ক্যারিয়ারের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘লিও তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে—যা ইতিহাসে সর্বোচ্চ। পৃথিবীর যে কোনো ক্লাবে যাওয়ার সুযোগ ছিল তোমার, কিন্তু তুমি মায়ামিকে বেছে নিয়েছো। আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য ধন্যবাদ।’

৩৮ বছর বয়সি মেসি গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেন, যা ২০২৮ সাল পর্যন্ত চলবে। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড এমএলএস ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) পুরস্কার জিতেছেন।

হোয়াইট হাউস সফরের পর শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।