logo
Advertisement

ইনফান্তিনোর ভাবমূর্তি রক্ষায় ফিফার ৩১ লাখ ডলারের চুক্তি

এশিয়া পোস্ট স্পোর্টস
ইনফান্তিনোর ভাবমূর্তি রক্ষায় ফিফার ৩১ লাখ ডলারের চুক্তি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: গেটি ইমেজ

বিশ্ব ফুটবলে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনা যখন ক্রমেই বাড়ছে, তখন সামনে এল নতুন তথ্য। ফিফা ও সংস্থাটির সভাপতির ভাবমূর্তি রক্ষায় লন্ডনের একটি বিপণন প্রতিষ্ঠানের সঙ্গে ২৩ লাখ পাউন্ড বা প্রায় ৩১ লাখ ডলারের চুক্তি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, টেন টোজ মিডিয়া নামের প্রতিষ্ঠানটির সঙ্গে ফিফার চুক্তির মেয়াদ ২২ মাস। ২০২৫ সালের মার্চে শুরু হওয়া এই চুক্তি চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

দ্য টাইমসের দেখা চুক্তির অনুলিপিতে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘ফিফা ও সভাপতির ভাবমূর্তি রক্ষা’ এবং সংস্থাটির মর্যাদা বৃদ্ধি। ইনফান্তিনোর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিফার প্রচারণার বয়ান পরিকল্পনা ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার দায়িত্বও পেয়েছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, লিংকডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সে ফিফার বিভিন্ন অ্যাকাউন্ট পরিচালনায় সহায়তা করছে টেন টোজ মিডিয়া। লিখিত প্রতিবেদন, ছবি, ভিডিও এবং তথ্যচিত্র তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মন্তব্য ও প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করছে তারা।

ফিফার প্রচারণার বিস্তার ও মানুষের সম্পৃক্ততা বাড়াতে প্রভাবশালী ব্যক্তিদেরও কাজে লাগানোর কথা রয়েছে। পৃথিবীর বিভিন্ন টাইম জোনে থাকা ব্যবস্থাপকদের মাধ্যমে দিনের ২৪ ঘণ্টাই এই কার্যক্রম চালানোর ব্যবস্থা রাখা হয়েছে।

চুক্তির একটি লক্ষ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার প্রকাশিত বিষয়গুলো নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি করা। প্রতিষ্ঠানটির কাজের সাফল্য নির্ধারণে মানুষের প্রতিক্রিয়া, প্রচারণার বিস্তার ও সম্পৃক্ততার তথ্য ব্যবহার করা হবে।

ফিফা অবশ্য এই ব্যয়ের পক্ষে যুক্তি দিয়েছে। সংস্থাটির দাবি, বাইরের প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ায় স্থায়ী কর্মী নিয়োগের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার সময় যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়তি কাজ সামলাতে এই ব্যবস্থা সহায়ক হয়েছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত টেন টোজ মিডিয়ার প্রধান কার্যালয় লন্ডনে। দুবাই ও নিউইয়র্কেও প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এর আগে উয়েফা, আর্সেনাল এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গেও কাজ করেছে তারা।

এমন সময়ে চুক্তির তথ্য সামনে এল, যখন ফিফা পরিচালনায় ইনফান্তিনোর ভূমিকা নিয়ে ফুটবল অঙ্গনে তীব্র প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের ভবিষ্যৎ বাণিজ্যিক আয়ের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তার ওপর চাপ আরও বেড়েছে।

ওই পরিকল্পনায় আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। ইউরোপের বিভিন্ন ফুটবল সংগঠনও প্রকাশ্যে ইনফান্তিনোর নেতৃত্বের বিরোধিতা করছে।

তীব্র সমালোচনার এই সময়েই তার ভাবমূর্তি ও ফিফার প্রচারণা রক্ষায় বিপুল অর্থের চুক্তি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে চুক্তির ভাষায় সরাসরি সভাপতির ভাবমূর্তি রক্ষার বিষয়টি থাকায় প্রশ্ন উঠছে, সংস্থার অর্থে ইনফান্তিনোর ব্যক্তিগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা হচ্ছে কি না।

বিষয় :
ইনফান্তিনোর ভাবমূর্তি রক্ষায় ফিফার ৩১ লাখ ডলারের চুক্তি