মিতোমাকে বাদ দিয়ে জাপানের বিশ্বকাপ দল ঘোষণা

চোটের ধাক্কা নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করল এশিয়ার পরাশক্তি জাপান। হ্যামস্ট্রিং চোটের কারণে ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ব্লু সামুরাইদের তারকা মিডফিল্ডার কাওরু মিতোমার। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তাকেহিরো তোমিয়াসুকে দলে ফিরিয়েছেন কোচ হাজিমে মোরিয়াসু।
শুক্রবার (১৫ মে) টোকিওতে বিশ্বকাপের দল ঘোষণা করেন মোরিয়াসু। সাবেক আর্সেনাল ডিফেন্ডার তোমিয়াসু প্রায় দুই বছর জাপানের হয়ে খেলেননি। একের পর এক চোটে জাতীয় দল থেকে দূরে থাকা এই সেন্টারব্যাক এখন খেলছেন আয়াক্সে। আর্সেনালের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের পর গত বছর ডাচ ক্লাবটিতে যোগ দেন তিনি।
তোমিয়াসু সর্বশেষ জাপানের হয়ে খেলেছিলেন ২০২৪ সালে সিরিয়ার বিপক্ষে। মার্চের আন্তর্জাতিক বিরতির দলেও তাকে ডাকা হয়েছিল, কিন্তু পরে চোটের কারণে সরে দাঁড়ান। মোরিয়াসু জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কৌশলগত কারণে ক্লাবের আনুষ্ঠানিক ম্যাচে না খেললেও মেডিকেল স্টাফরা তার ফিটনেস নিয়ে সবুজ সংকেত দিয়েছেন। বিশ্বকাপের আগে ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে খেলানোর ইঙ্গিতও দিয়েছেন জাপান কোচ।
চোটজর্জর মৌসুম কাটানো লিভারপুল মিডফিল্ডার ওয়াতারু এন্ডোও আছেন স্কোয়াডে। মোরিয়াসুর মতে, এন্ডো শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, মানসিক ও আবেগের জায়গাতেও দলের গুরুত্বপূর্ণ নেতা। তার ভাষায়, এন্ডো আবার বল নিয়ে কাজ শুরু করেছেন এবং ম্যাচ খেলার মতো অবস্থার দিকে এগোচ্ছেন।
সবচেয়ে বড় ধাক্কা মিতোমার অনুপস্থিতি। চলতি মাসের শুরুতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ব্রাইটনের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মোরিয়াসু জানিয়েছেন, মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীনও মিতোমার ফেরা কঠিন। সে কারণেই তাকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
🔹𝗦𝗔𝗠𝗨𝗥𝗔𝗜 𝗕𝗟𝗨𝗘🔹
— サッカー日本代表 🇯🇵 (@jfa_samuraiblue) May 15, 2026
⚽️メンバー発表⚽️
𝗚𝗞
早川友基 鹿島アントラーズ🇯🇵
大迫敬介 サンフレッチェ広島🇯🇵
鈴木彩艶 パルマ・カルチョ🇮🇹
𝗗𝗙
長友佑都 FC東京🇯🇵
谷口彰悟 シントトロイデンVV🇧🇪
板倉滉 アヤックス🇳🇱
渡辺剛 フェイエノールト🇳🇱
冨安健洋 アヤックス🇳🇱
伊藤洋輝… pic.twitter.com/R9WSIcarIy
জাপানের স্কোয়াডে আছেন ৩৯ বছর বয়সী ইউতো নাগাতোমোও। এতে তার সামনে পঞ্চম বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হলো। অভিজ্ঞ এই ফুলব্যাক ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও জাপানের হয়ে খেলেছেন। এবারও তিনি দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞতার জোরে।
জাপান গত দুই বিশ্বকাপেই শেষ ষোলোতে উঠেছিল। ২০১৮ সালে বেলজিয়ামের কাছে হার, আর ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে বিদায়। এবার মোরিয়াসুর অধীনে দ্বিতীয় বিশ্বকাপে নামবে সামুরাই ব্লু। দল ঘোষণা করতে গিয়ে জাপান কোচ বলেছেন, বিশ্বমঞ্চে লড়াই করার মতো আরও অনেক ফুটবলার তার হাতে ছিল, তাই ২৬ জন বেছে নেওয়া সহজ ছিল না।
২০২৬ বিশ্বকাপে জাপান খেলবে গ্রুপ ‘এফ’-এ। ১৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২০ জুন তিউনিসিয়া এবং ২৫ জুন সুইডেনের মুখোমুখি হবে জাপান।
জাপানের বিশ্বকাপ দল
গোলকিপার:
জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।
ডিফেন্ডার:
ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুননোসুকে সুজুকি।
মিডফিল্ডার/ফরোয়ার্ড:
ওয়াতারু এন্ডো, জুনয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দায়জেন মায়েদা, রিৎসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেনতো শোইগাই, কেইসুকে গোটো।
