হামজার অভিষেকেই লিগে শেফিল্ডের প্রথম জয়

স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফেরার পর প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের পুরো ৯০ মিনিট মাঠে থাকার ম্যাচে দুবার পিছিয়ে পড়েও বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড।
মঙ্গলবার ব্রামল লেনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে নাটকীয় জয়সূচক গোলটি আসে যোগ করা সময়ে। রোমেল ডোনোভানের ৯৩তম মিনিটের গোলে মৌসুমের প্রথম লিগ জয় নিশ্চিত করে ক্রিস ওয়াইল্ডারের দল।
লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে এক দিন আগেই স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেন হামজা। নতুন ক্লাবে ফিরেই তাকে মূল একাদশে রাখেন ওয়াইল্ডার। স্বাভাবিক পজিশন রক্ষণাত্মক মিডফিল্ড হলেও এ ম্যাচে রক্ষণের ডান পাশে দায়িত্ব পালন করেন ২৮ বছর বয়সী ফুটবলার।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২৪ সেকেন্ডে জেভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ মিনিটেই সিডি পেকের ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান শেফিল্ড অধিনায়ক জ্যাফেট টাঙ্গাঙ্গা।
প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতির পর ৬৭তম মিনিটে স্যাম ডালবির শক্তিশালী হেডে আবারও এগিয়ে যায় বোল্টন। এবারও ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। মাত্র এক মিনিট পর ডোনোভানের নিচু ক্রস থেকে বল জালে পাঠিয়ে শেফিল্ডকে ২-২ সমতায় ফেরান প্যাট্রিক ব্যামফোর্ড।
এরপর দুই দলই জয়ের জন্য আক্রমণ চালাতে থাকে। নির্ধারিত সময় শেষে ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই শেফিল্ডকে উৎসবে ভাসান ডোনোভান। মাঝমাঠে বল হারায় বোল্টন। ক্যালভিন ফিলিপসের পাস ধরে দ্রুত বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান ডোনোভান।
দলের নাটকীয় জয়ে রক্ষণে কার্যকর ছিলেন হামজা। ৫০টি পাসের মধ্যে ৪৫টিই সতীর্থদের কাছে পৌঁছে দেন তিনি। পাসের সফলতার হার ছিল ৯০ শতাংশ। পাশাপাশি চারটি ট্যাকলের প্রতিটিতেই সফল হয়েছেন বাংলাদেশের এই ফুটবলার।
২০২৫ সালের শুরুতে লেস্টার থেকে ধারে শেফিল্ডে খেলেছিলেন হামজা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলে দলটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে ভূমিকা রাখেন তিনি। এবার স্থায়ী চুক্তিতে ফিরে প্রথম ম্যাচেই দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়।
এই জয়ে লিগ টেবিলের ১৪তম স্থান থেকে দশে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে মৌসুমে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বোল্টন।



