তিন গোলের জয়ে আবারও শীর্ষে বার্সা

দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে আবারও টেবিলের চূড়ায় উঠেছে হ্যান্সি ফ্লিকের দল।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল বার্সা। চতুর্থ মিনিটেই এরিক গার্সিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার মার্ক বার্নাল। গোলটি যেন ম্যাচের সুর বেঁধে দেয়—এরপর পুরোটা সময়ই ছিল স্বাগতিকদের নিয়ন্ত্রণ।
যদিও ম্যাচের প্রথম মিনিটেই লেভান্তে একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কার্লোস আলভারেজ একা পেয়ে যান গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে, কিন্তু তার দুর্বল শট সহজেই সামাল দেন বার্সা ডিফেন্ডাররা। এরপর আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা।
প্রথমার্ধের মাঝামাঝি ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। ক্যানসেলোর নিখুঁত ক্রস থেকে বক্সে ঢুকে নিশ্চিত ফিনিশে ২-০ করেন ডাচ মিডফিল্ডার। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি রাফিনিয়া ও লেভানডভস্কিরা।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমালেও আধিপত্য ধরে রাখে বার্সা। ঘণ্টা পেরোনোর পর মাঠে নামেন পেদ্রি, ফেরান তোরেস ও ফার্মিন লোপেজ। বদলি নামা ফার্মিনই ম্যাচে শেষ কথা বলেন। দূরপাল্লার দারুণ এক বাঁ পায়ের শটে ৩-০ করেন তিনি, যা কার্যত লেভান্তের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ করে দেয়।
শেষদিকে লেভান্তে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। উল্টো বার্সা আরও কয়েকবার ব্যবধান বাড়ানোর কাছাকাছি পৌঁছে যায়। গোলরক্ষক রায়ানের জোড়া সেভে লেভান্তে আরও বড় ব্যবধানে হার এড়ায়।
এই জয়ে টানা দুই পরাজয়ের ক্ষত কিছুটা হলেও সারাল বার্সেলোনা। কোপা দেল রের বড় ব্যবধানে হার ও লিগে হোঁচটের পর শিরোপা লড়াইয়ে ফের শক্ত অবস্থান নিল ফ্লিকের শিষ্যরা। অন্যদিকে লেভান্তে আরও গভীর হলো অবনমন অঞ্চলের শঙ্কায়।