যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান, দাবি ফিফা সভাপতির

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে নানা শঙ্কা তৈরি হলেও ২০২৬ বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আসছে না—এমনটাই জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ড্র অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই ইরান তাদের ম্যাচ খেলবে, যুক্তরাষ্ট্র থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই।
সম্প্রতি ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তাজনিত কারণে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছিল। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও প্রয়োজনে ইরানের ম্যাচ আয়োজনের প্রস্তুতির কথা জানান।
তবে ফিফা সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ইনফান্তিনোর বক্তব্য, বিশ্বকাপের ম্যাচ কোথায় হবে তা আগেই নির্ধারিত হয়েছে এবং সেই সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। গ্রুপ ‘জি’-তে থাকা ইরানের তিনটি ম্যাচই নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তারা। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৭ জুন সিয়াটলে খেলবে মিসরের বিপক্ষে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই প্রশ্ন উঠেছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ইরান দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—কোনোভাবেই তাদের দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সম্ভব নয়।
ইনফান্তিনোও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, ইরান বিশ্বকাপে খেলবে এবং সব দলকেই অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, ফুটবল রাজনৈতিক সংকট সমাধান করতে না পারলেও বিশ্বকাপ মানুষের মধ্যে সংযোগ তৈরি করতে পারে।
এদিকে যুদ্ধের ছায়া মাঠের বাইরেও স্পষ্ট। সাম্প্রতিক এক প্রীতি ম্যাচে নিহতদের স্মরণে ইরানের ফুটবলাররা কালো ব্যান্ড পরে মাঠে নামে।