Advertisement

ইতালির কোচ হওয়ার পথে নতুন বাধার সামনে পিরলো

এশিয়া পোস্ট স্পোর্টস
ইতালির কোচ হওয়ার পথে নতুন বাধার সামনে পিরলো
আন্দ্রে পিরলো। পুরোনো ছবি

ইতালির প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন আন্দ্রে পিরলো। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই মাঠের বাইরের এক সম্পর্ক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হিসেবে কাজ করায় পিরলোকে নিয়োগের বিরোধিতা শুরু করেছেন ইতালির রাজনীতিবিদ ও ফুটবল কর্তাদের একাংশ।

রোববার রয়টার্স জানিয়েছে, পিরলোর সঙ্গে রুশ বেটিং প্রতিষ্ঠান ফনবেটের বাণিজ্যিক সম্পর্ক এখন যাচাই করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, বিষয়টির এখনো নিষ্পত্তি হয়নি। পিরলোর রাশিয়া-যোগ পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির কোচের পদ ছাড়েন জেন্নারো গাত্তুসো। এরপর নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলাকে পাওয়ার চেষ্টা করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। সাবেক ম্যানচেস্টার সিটি কোচ প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলো হয়ে ওঠেন প্রধান প্রার্থী।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ইউনাইটেড এফসির দায়িত্বে থাকা পিরলো গত অক্টোবরে ফনবেটের বৈশ্বিক দূত হন। সম্প্রতি প্রতিষ্ঠানটির আয়োজিত একটি অনুষ্ঠানে সাবেক ইতালি সতীর্থ মার্কো মাতেরাজ্জির সঙ্গে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।

ইউক্রেনে বিমান হামলার সময় ওই প্রচারণামূলক অনুষ্ঠান হওয়ায় পিরলোর মস্কো সফর নিয়ে সমালোচনা শুরু হয়। পিরলো অবশ্য দাবি করেছেন, তার সফর এবং ফনবেটের সঙ্গে চুক্তি পুরোপুরি বাণিজ্যিক। এর সঙ্গে কোনো রাজনৈতিক অবস্থানের সম্পর্ক নেই।

নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির সমর্থন পিরলোর পক্ষে রয়েছে। তবে দেশটির রাজনৈতিক অঙ্গন থেকে আসা আপত্তি তার নিয়োগের পথ কঠিন করে তুলেছে। সমালোচকদের বক্তব্য, রাশিয়ার একটি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া গ্রহণযোগ্য নয়।

ইউরোপীয় পার্লামেন্টের সহসভাপতি পিনা পিচিয়ের্নো বলেছেন, আরেকটি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবলে সাংস্কৃতিক, নৈতিক ও পরিচালনাগত পরিবর্তন প্রয়োজন ছিল। তার মতে, পিরলোকে বেছে নেওয়া সেই প্রয়োজনের সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত।

আরও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইতালির সেনেটপ্রধান ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের সদস্য ইগনাজিও লা রুসা। খেলোয়াড় হিসেবে পিরলোর প্রতি সম্মান জানালেও কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়াকে ‘অন্ধকারে ঝাঁপ’ বলে মন্তব্য করেছেন তিনি। সম্ভাব্য নিয়োগ নিয়ে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, ‘ঈশ্বর আমাদের রক্ষা করুন।’

কেন্দ্রপন্থী আজিওনে পার্টির নেতা কার্লো কালেন্দার বক্তব্য, ২০২২ সালের পর যারা রাশিয়ার প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কোনো জাতীয় পদে থাকা উচিত নয়।

পিরলোকে ইতালির কোচ করার সিদ্ধান্ত বাতিল হয়েছে, এমন ঘোষণা এখনো আসেনি। তবে তাকে ঘিরে আগে যে চার বছরের চুক্তির খবর সামনে এসেছিল, নতুন বিতর্কে সেটি এখন অনিশ্চয়তার মুখে। মাঠের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা ইতালির নতুন কোচ নির্বাচন তাই আর শুধু ফুটবলের সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই।