ইতালির কোচ হচ্ছেন না পিরলো, সরে যেতে পারেন মালদিনিও

চার বছরের চুক্তির খবর সামনে এসেছিল। আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতিও চলছিল। কিন্তু নাটকীয় মোড় নিয়ে ইতালি জাতীয় দলের কোচ হিসেবে ২০০৬ বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে পিরলোর নিয়োগপ্রক্রিয়া থেমে গেছে। একই ঘটনায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে সরে যেতে পারেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো।
স্কাই স্পোর্ট ইতালির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রোমে পিরলোর প্রতিনিধিদের সঙ্গে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে দুবাইয়ের ইউনাইটেড এফসির সঙ্গে তাঁর চুক্তি বাতিল এবং ইতালির সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত বৈঠকসহ পুরো প্রক্রিয়াই বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে সভাপতি জিওভান্নি মালাগো সিদ্ধান্ত না বদলালে পিরলো ইতালির কোচ হচ্ছেন না।
পিরলোর নিয়োগ আটকে গেছে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার। গত মে মাসে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফনবেট আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।
ইউক্রেনে রুশ হামলা চলার মধ্যে সেই সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছেন ইতালির একাধিক রাজনীতিক। তাদের মতে, জাতীয় দলের কোচের মতো গুরুত্বপূর্ণ পদে এমন কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়, যার সঙ্গে রুশ প্রতিষ্ঠানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। রাজনৈতিক চাপ বাড়ার পর পিরলোকে নিয়োগের অনুমোদন দেননি এফআইজিসি সভাপতি মালাগো।
বিতর্কের মধ্যে নীরবতা ভেঙেছেন পিরলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেছেন, ফনবেটের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বাণিজ্যিক ও ক্রীড়াবিষয়ক। এর সঙ্গে কোনো রাজনৈতিক অবস্থানের সম্পর্ক নেই।
পিরলো লিখেছেন, ‘এই পেশাগত সম্পর্ক সংযুক্ত আরব আমিরাতে আমার কাজের ধারাবাহিকতায় তৈরি হয়েছে এবং এটি কেবল বাণিজ্যিক ও ক্রীড়াবিষয়ক। এতে রাজনৈতিক অর্থ খোঁজা মানে এমন কিছু বিশ্বাস আমার ওপর চাপিয়ে দেওয়া, যা আমি কখনো প্রকাশ করিনি এবং যা আমার নয়।’
তার ওপর আস্থা রাখার জন্য মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদও জানিয়েছেন পিরলো। বিবৃতির শেষে তিনি লিখেছেন, ‘ইতালির প্রতি ভালোবাসা কোনো দায়িত্ব পাওয়ার ওপর নির্ভর করে না। এটি আমার ইতিহাস ও পরিচয়ের অংশ এবং সব সময় আমার সঙ্গে থাকবে।’
পিরলোর নিয়োগ আটকে যাওয়ায় এবার প্রশ্ন উঠেছে মালদিনি ও লিওনার্দোর ভবিষ্যৎ নিয়েও। ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কোচ বেছে নেওয়ার স্বাধীনতা নিয়েই দায়িত্ব গ্রহণ করেছিলেন মালদিনি। পেপ গার্দিওলার প্রস্তাব প্রত্যাখ্যানের পর মালদিনি ও লিওনার্দো দীর্ঘমেয়াদি প্রকল্পের জন্য পিরলোকেই বেছে নিয়েছিলেন।
তাদের পরিকল্পনার বাইরে অন্য কাউকে কোচ করা হলে দুজনই দায়িত্ব ছাড়তে পারেন বলে জানিয়েছে স্কাই স্পোর্ট ইতালি। মঙ্গলবার এফআইজিসির ফেডারেল কাউন্সিল সভা হওয়ার কথা। নতুন কোচের নাম নিয়েই সেই সভায় যাওয়ার পরিকল্পনা ছিল। পিরলোর নিয়োগ ভেস্তে যাওয়ায় এখন কোচের সঙ্গে মালদিনি-লিওনার্দোর ভবিষ্যৎও নির্ধারিত হতে পারে সেই সভায়।
.png)





