রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়

ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার হ্যাটট্রিকে লা লিগায় দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে সেভিয়াকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় হানসি ফ্লিকের দল। নবম মিনিটেই পেনাল্টি থেকে প্রথম গোল করেন রাফিনিয়া। জোয়াও কানসেলোকে ফাউল করলে স্পটকিক পায় বার্সা, আর চিপ শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার।
এরপর ১২ মিনিট পর আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। এবার ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের সিদ্ধান্ত আসে। সেই সুযোগও কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।
পরে দানি ওলমো দূর থেকে দারুণ ফিনিশে ব্যবধান আরও বাড়ান। তবে বিরতির ঠিক আগে ওসোর ভলিতে একটি গোল শোধ করে সেভিয়া।
দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ম্যাচের ৫১তম মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়, তাতেই পূর্ণ হয় তার হ্যাটট্রিক।
এরপর দুর্দান্ত একক দৌড়ে জোয়াও কানসেলো দলের পঞ্চম গোল করেন। ম্যাচের শেষ দিকে সো একটি সান্ত্বনাসূচক গোল করলেও তাতে ফল বদলায়নি।
এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে, আর মৌসুম শেষ হতে বাকি আছে ১০ ম্যাচ।
ম্যাচের ৮২ মিনিটে হ্যাটট্রিক করা রাফিনিয়াকে বদলি করা হলে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা। একই সঙ্গে দীর্ঘ ইনজুরির পর গাভি মাঠে ফেরেন, যা বার্সা সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর।
এদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে নিউক্যাসলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে বার্সেলোনার।