রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ব্রুনো

আর মাত্র একটি বিশ্বকাপ। তারপরই হয়তো আন্তর্জাতিক মঞ্চে শেষ হয়ে যাবে ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ যাত্রা। সেই শেষ অধ্যায়টাকে স্মরণীয় করে তুলতেই এবার নতুন করে স্বপ্ন দেখছে পর্তুগাল, আর সেই স্বপ্নের কেন্দ্রেই রোনালদো।
এই প্রেক্ষাপটে তার সতীর্থ ও ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ স্পষ্ট করেই জানালেন, লক্ষ্যটা শুধু ট্রফি জেতা নয়, বরং রোনালদোর ক্যারিয়ারে বিশ্বকাপের শূন্যতাও পূরণ করা।
ব্রুনো বলেন, ‘এই শেষ বিশ্বকাপটা যদি আমরা রোনালদোকে নিয়ে জিততে পারি, সেটা অসাধারণ কিছু হবে।’
৪১ বছর বয়সি রোনালদো রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়েও এখনও বিশ্বকাপ জেতা হয়নি তার।
ব্রুনোর মতে, এই শিরোপা শুধু একটি অর্জন নয়, বরং রোনালদোর অবদানের স্বীকৃতি। ‘আমি চাই আমরা এটা করতে পারি, শুধু দেশের জন্য নয়, রোনালদো ফুটবলকে যা দিয়েছে তার জন্যও,’ বলেন তিনি।
ইতোমধ্যেই ইউরো ২০১৬ ও নেশনস লিগ জয়ের স্বাদ পেয়েছেন রোনালদো। তবে বিশ্বকাপের মুকুটই বাকি।
আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের বাকি ম্যাচ।