logo
Advertisement

ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস

এশিয়া পোস্ট স্পোর্টস
ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস
ছবি: এক্স থেকে নেওয়া

স্পেনের গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচ, লিয়ান্দ্রো পারেদেসের ১০ ম্যাচ। শাস্তির এই বড় ব্যবধান মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় ফিফার দেওয়া নিষেধাজ্ঞাকে ‘বাড়াবাড়ি’ বলে আপিলে তা কমার আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

শুক্রবার আর্জেন্টিনার ক্লাউসুরায় লানুসকে ১-০ গোলে হারায় বোকা জুনিয়র্স। ম্যাচের পর লা বোম্বোনেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রথমবারের মতো নিষেধাজ্ঞা নিয়ে নিজের অবস্থান জানান বোকা অধিনায়ক পারেদেস।

তিনি বলেন, ‘শাস্তিটা বাড়াবাড়ি মনে হয়। অদ্ভুত বিষয়, গাভি এক ম্যাচের শাস্তি পেয়েছে, অথচ সে-ই আমার বুকে ঘুষি মেরেছিল।’

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ফিফার তদন্তে এরিক গার্সিয়ার গলা ধরা এবং গাভিকে মাটিতে ফেলে দেওয়াসহ তিনটি ঘটনায় পারেদেসকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁকে ১০টি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

অন্যদিকে অসদাচরণের দায়ে গাভি পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা। শাস্তির এই পার্থক্য নিয়েই প্রশ্ন তুলেছেন পারেদেস। তাঁর দাবি, সংঘর্ষের সময় গাভিই তাঁর বুকে ঘুষি মেরেছিলেন।

তবে ঘটনার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি নিজের আচরণের দায়ও এড়িয়ে যাননি পারেদেস। ফিফার সিদ্ধান্ত হয়ে যাওয়ায় এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের দিকেই তাকিয়ে আছেন তিনি।

পারেদেস বলেন, শাস্তি কমার সুযোগ রয়েছে বলে তাঁর বিশ্বাস। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন এবং আপিলের মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, ফিফা এখন এই নিষেধাজ্ঞা ‘ক্লাস এ’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও কার্যকর করার অনুমতি দিয়েছে। শুরুতে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে শাস্তি কাটানোর কথা ছিল।

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে সর্বোচ্চ চারটি এবং নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা। সব ম্যাচ আয়োজন করা হলে ২০২৬ সালের মধ্যেই ছয় ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন পারেদেস। আপিলে শাস্তি না কমলে বাকি চার ম্যাচ পরবর্তী সময়ে কার্যকর হবে।

বিশ্বকাপ ফাইনালের ঘটনার জন্য পারেদেস ছাড়াও নাহুয়েল মলিনা সাত ম্যাচ, থিয়াগো আলমাদা এক ম্যাচ এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস