logo

যুদ্ধের খবর থেকে খেলোয়াড়দের দূরে রাখছেন ইরাক কোচ আর্নল্ড

যুদ্ধের খবর থেকে খেলোয়াড়দের দূরে রাখছেন ইরাক কোচ আর্নল্ড

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে প্রস্তুত হচ্ছে ইরাক। এমন পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের মানসিকভাবে স্বস্তিতে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ কোচ গ্রাহাম আর্নল্ডের।

মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচের আগে আর্নল্ড জানিয়েছেন, তিনি চেষ্টা করছেন খেলোয়াড়দের যুদ্ধসংক্রান্ত খবর থেকে দূরে রাখতে। তার মতে, অতিরিক্ত চাপ তাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরাক দলকে প্রস্তুতি নিতে হয়েছে। দেশটির খেলোয়াড়দের অনেকেই দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণ শেষে মেক্সিকো পৌঁছেছেন। বাগদাদ থেকে যাত্রা শুরু করে স্থলপথে জর্ডানে গিয়ে সেখান থেকে উড়োজাহাজে মেক্সিকো যেতে হয়েছে তাদের। পুরো যাত্রা সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় তিন দিন।

গত এক মাস ধরে চলা এই পরিস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। কোচ আর্নল্ড স্বীকার করেছেন, এটি ছিল দলের জন্য কঠিন সময়।

তার ভাষায়, খেলোয়াড়দের উচিত নিজেদের খেলা এবং কাছের মানুষদের নিয়েই ভাবা। পুরো দেশের প্রত্যাশার চাপ নিয়ে ভাবলে সেটি সামলানো কঠিন হয়ে যায়।

বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরাকের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার মতে, ফুটবল দেশটির মানুষের আবেগের জায়গা, আর বিশ্বকাপে খেলা পুরো দেশের ভাবমূর্তি বদলে দিতে পারে।

১৯৮৬ সালের পর আর বিশ্বকাপে খেলতে পারেনি ইরাক। এবার সেই অপেক্ষা ঘোচানোর লক্ষ্যেই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।