Advertisement

রদ্রির জন্য ১১৪০ কোটি চায় সিটি

এশিয়া পোস্ট স্পোর্টস
রদ্রির জন্য ১১৪০ কোটি চায় সিটি
রদ্রি। ছবি: ফিফা

রদ্রির সম্মতি মিলেছে, ব্যক্তিগত শর্ত নিয়েও সমঝোতা হয়েছে। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারকে বার্সেলোনার খেলোয়াড় বানাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিই এখনো বাকি। ম্যানচেস্টার সিটির সঙ্গে দলবদলের অঙ্কে একমত হতে পারেনি কাতালান ক্লাবটি।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রদ্রির জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৪০ কোটি টাকা চাইছে ম্যানচেস্টার সিটি। বার্সা শুরুতে প্রায় ৭১২ কোটি টাকার বেশি দিতে রাজি ছিল না। তবে সিটির অবস্থান অনড় থাকায় প্রস্তাব বাড়াতে বাধ্য হচ্ছে তারা।

দলবদলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সিটির কাছে প্রায় ৮৫৫ কোটি টাকার সঙ্গে বোনাসের প্রস্তাব দিয়েছে বার্সা। এরপরও দুই ক্লাবের চাওয়া-পাওয়ার মধ্যে প্রায় ২৮৫ কোটি টাকার ব্যবধান রয়েছে। বোনাসের শর্ত যোগ করে মাঝামাঝি কোনো অঙ্কে সমাধান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। নতুন চুক্তি করতে তার অনাগ্রহ এবং বার্সায় যোগ দেওয়ার ইচ্ছার কারণে আলোচনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারকে কম দামে ছাড়তে চায় না সিটি।

এএসের দাবি, গত বৃহস্পতিবার রদ্রির সঙ্গে সমঝোতার বিষয়টি ক্লাবের ভেতরে নিশ্চিত করেছিল বার্সা। ফলে শেষ পর্যন্ত দলবদল সম্পন্ন করতে না পারলে ক্লাবের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন সভাপতি হুয়ান লাপোর্তা। প্রয়োজন হলে প্রস্তাব আরও বাড়াতেও প্রস্তুত তিনি।

পিএসজিতে ফেরান তোরেসের সম্ভাব্য দলবদল থেকে অর্থ পাওয়ার আশা করছে বার্সা। তবে সেই বিক্রির অপেক্ষায় রদ্রির চুক্তি আটকে রাখতে চায় না ক্লাবটি। চলতি সপ্তাহের মধ্যেই সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে তারা।

রদ্রিও ইতিমধ্যে বার্সেলোনায় বাড়ি খুঁজতে শুরু করেছেন বলে দাবি করেছে এএস। ফেরান পিএসজিতে চলে গেলে তার ছেড়ে যাওয়া বাড়িটিও হতে পারে রদ্রির নতুন ঠিকানা।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি সর্বশেষ বিশ্বকাপেও সেরা খেলোয়াড় হয়েছেন। তাকে দলে নেওয়াকে গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখছে বার্সা। তবে সিটির সঙ্গে অর্থের ব্যবধান না মেটা পর্যন্ত শেষ হচ্ছে না কাতালানদের অপেক্ষা।

রদ্রির জন্য ১১৪০ কোটি চায় সিটি