বিশ্বকাপে দর্শকদের জন্য বিনামুল্যের ট্রেন সার্ভিস দিচ্ছে ফিলাডেলফিয়া

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে ফিলাডেলফিয়া। ম্যাচ শেষে সমর্থকদের জন্য বিনামূল্যে ট্রেনযাত্রার ঘোষণা দিয়েছে শহরটির আয়োজক কমিটি।
এই সুবিধা কার্যকর হবে ব্রড স্ট্রিট লাইনের বি লাইনে। ম্যাচের বিরতি থেকে শুরু করে খেলা শেষ হওয়ার পর দুই ঘণ্টা পর্যন্ত এনআরজি স্টেশন থেকে যাত্রা করা যাবে বিনামূল্যে। স্টেশনটি ফিলাডেলফিয়ার বিশ্বকাপ ভেন্যু লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডের কাছেই অবস্থিত।
শুধু ফেরার পথ নয়, স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রেও খরচ কম রাখা হয়েছে। বি লাইনের যেকোনো স্টেশন থেকে স্টেডিয়াম পর্যন্ত যাত্রা খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র ২.৯০ ডলার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না।
এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে বিশ্বকাপের অন্যতম স্পন্সর এয়ার বিএনবি। আয়োজকদের মতে, লক্ষ্য একটাই, যাতে দর্শকরা নিরাপদে এবং স্বল্প খরচে যাতায়াত করতে পারেন।
পরিবহন ব্যয় নিয়ে যখন অন্য শহরগুলোতে সমালোচনা বাড়ছে, তখন ফিলাডেলফিয়ার এই সিদ্ধান্ত স্বস্তির বার্তা দিচ্ছে। সম্প্রতি নিউ জার্সিতে ঘোষণা দেওয়া হয়, নিউইয়র্কের পেন স্টেশন থেকে মেট লাইফ পর্যন্ত যাতায়াতে দর্শকদের গুনতে হবে প্রায় ১৫০ ডলার। এই সিদ্ধান্ত নিয়ে সমর্থক গোষ্ঠী থেকে শুরু করে ফিফা পর্যন্ত সমালোচনা করেছে।
ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বে ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে একটি শেষ ষোলোর ম্যাচও রয়েছে, যা দর্শক সমাগম আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অন্যান্য আয়োজক শহরও ভিন্ন ভিন্ন উদ্যোগ নিচ্ছে। কানসাস সিটি বিমানবন্দর থেকে শহরের ফ্যান জোন পর্যন্ত বিনামূল্যে বাস সার্ভিস চালু করছে। অন্যদিকে ডালাস শহরে স্টেডিয়ামে যাতায়াতের জন্য স্বল্প ভাড়ায় ট্রেন ও বাসের ব্যবস্থা রাখা হয়েছে।