টানা চার হারের পর তুরস্কের কোচ মন্তেল্লা বরখাস্ত

২০২৪ ইউরোয় তুরস্ককে কোয়ার্টার ফাইনালে তুলে প্রশংসা কুড়িয়েছিলেন ভিনচেঞ্জো মন্তেল্লা। তার অধীনেই ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপে ফিরেছিল দেশটি। কিন্তু সেই সাফল্যের পর পরিস্থিতি পাল্টাতে বেশি সময় লাগেনি। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নেশন্স লিগে টানা চার ম্যাচ হেরেছে তুরস্ক। শেষ পর্যন্ত চাকরিই হারাতে হলো ইতালিয়ান এই কোচকে।
শুক্রবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে ৫২ বছর বয়সী মন্তেল্লাকে বরখাস্তের সিদ্ধান্ত জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। সংস্থাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘জাতীয় দলের প্রধান কোচ ভিনচেঞ্জো মন্তেল্লার সঙ্গে আর কাজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে বরখাস্তের নির্দিষ্ট কারণ জানায়নি টিএফএফ। নতুন কোচ হিসেবে কারও নামও ঘোষণা করা হয়নি।
২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশন্স লিগে শুরু থেকেই ধুঁকছে তুরস্ক। ‘এ’ লিগের প্রথম গ্রুপে নিজেদের চার ম্যাচের সবকটিতেই হেরেছে দলটি। ইতালির কাছে দুবার এবং ফ্রান্স ও বেলজিয়ামের কাছে একবার করে হেরেছে তারা। সবশেষ ইতালির মাঠে ৩-১ গোলের পরাজয়েই শেষ হয় মন্তেল্লার অধ্যায়।
চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপের তলানিতে রয়েছে তুরস্ক। নেশন্স লিগের দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার ঝুঁকিতেও পড়েছে দলটি। আনাদোলু এজেন্সির হিসাবে, ৩৮ বছরের মধ্যে এই প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলে টানা চার ম্যাচ হারল তুরস্ক।
২০২৩ সালের সেপ্টেম্বরে স্টেফান কুনৎসের স্থলাভিষিক্ত হয়েছিলেন মন্তেল্লা। তার দায়িত্ব নেওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তুরস্ক। ২০২৪ ইউরোয় গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। সেখানে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়।
এরপর ২০২৬ বিশ্বকাপেও জায়গা করে নেয় তুরস্ক। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেললেও সাফল্য আসেনি। তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি।
ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তের হিসাবে, তুরস্কের কোচ হিসেবে ৪০ ম্যাচে মন্তেল্লার জয় ২১টি, ড্র ৫টি ও হার ১৪টি।
