Advertisement

পেলের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শমিত সোম!

এশিয়া পোস্ট স্পোর্টস
পেলের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শমিত সোম!
শমিত সোম। ছবি: ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দেওয়ার পথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, দুই পক্ষের আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে।

Advertisement

গত জানুয়ারিতে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি ছাড়েন শমিত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তার বিদায়ের কথা আনুষ্ঠানিকভাবে জানায় ক্লাবটি। ২০২৩ সালে ক্যাভালরিতে যোগ দিয়ে তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৯ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ২০২৩ সালের সিপিএল শিল্ড ও ২০২৪ সালের নর্থ স্টার কাপ জেতেন বাংলাদেশি মিডফিল্ডার।

নিউইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোর তৃতীয় স্তর ইউএসএল লিগ ওয়ানে খেলছে। ২০২৬ সালে পেশাদার ফুটবলে ফিরে আসা ক্লাবটি নিজেদের ঘরের ম্যাচ খেলে নিউ জার্সির প্যাটারসনের হিঞ্চলিফ স্টেডিয়ামে।

ক্লাবটির সবচেয়ে বড় পরিচয় অবশ্য কিংবদন্তি পেলের স্মৃতিকে ঘিরে। ১৯৭৫ সালে কসমসে যোগ দিয়েছিলেন ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী তারকা। ১৯৭৭ সালে ক্লাবটিকে উত্তর আমেরিকান সকার লিগের শিরোপা জিতিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও খেলেছেন এই ক্লাবে।

কানাডায় জন্ম নেওয়া শমিত দেশটির হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ২০২৫ সালের জুনে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। একই বছরের অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন তিনি।

দলবদলটি আনুষ্ঠানিক হলে পেলের স্মৃতিবিজড়িত ক্লাবটির ইতিহাসে যুক্ত হবে বাংলাদেশেরও একটি অধ্যায়।

পেলের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শমিত সোম!