logo

মেসির নামে স্ট্যান্ড নির্মাণের ঘোষণা মায়ামির

মেসির নামে স্ট্যান্ড নির্মাণের ঘোষণা মায়ামির

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে অনন্য সম্মান জানাতে যাচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবটির নতুন স্টেডিয়ামে একটি অংশ তার নামে উৎসর্গ করে রাখা হচ্ছে—যার নাম দেওয়া হয়েছে ‘লিও মেসি স্ট্যান্ড’।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান ক্যারিয়ারের মাঝেই কোনো ফুটবলারের নামে স্টেডিয়ামের অংশ নামকরণ করা খুবই বিরল ঘটনা। সাধারণত এমন স্বীকৃতি দেওয়া হয় অবসরের পর, কিন্তু মেসির ক্ষেত্রে ব্যতিক্রম করেছে মায়ামি।

নতুন স্টেডিয়ামের নির্দিষ্ট কয়েকটি সেকশনজুড়ে থাকবে এই ‘মেসি স্ট্যান্ড’, যেখানে দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতার ব্যবস্থাও থাকবে উদ্বোধনী ম্যাচে।

২০২৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই ইন্টার মায়ামির ইতিহাস বদলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার নেতৃত্বে ক্লাব জিতেছে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ। পাশাপাশি এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়েছে দলটি।

ব্যক্তিগত পারফরম্যান্সেও সমান উজ্জ্বল মেসি। টানা দুই মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৯৪ ম্যাচে করেছেন ৮২ গোল ও ৫৩টি অ্যাসিস্ট—যা তাকে ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টদাতা বানিয়েছে।

আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন স্টেডিয়ামের যাত্রা শুরু করবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ‘লিও মেসি স্ট্যান্ড’।