logo
Advertisement

মেসির মায়ামিতে কোচ বদল, দায়িত্বে ‘কিলি’ গঞ্জালেস

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসির মায়ামিতে কোচ বদল, দায়িত্বে ‘কিলি’ গঞ্জালেস
লিওনেল মেসি ও ইন্টার মায়ামির নতুন কোচ কিলি গঞ্জালেস। ছবি: রয়টার্স

টানা ব্যর্থতার পর ইন্টার মায়ামির ডাগআউটে আসছে পরিবর্তন। গিয়ের্মো হয়োসের জায়গায় আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে লিওনেল মেসির ক্লাব।

Advertisement

বৃহস্পতিবার এক বিবৃতিতে গঞ্জালেসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি। তবে ৫২ বছর বয়সী এই আর্জেন্টাইন এখনই দায়িত্ব নিতে পারছেন না। যুক্তরাষ্ট্রে কাজের প্রয়োজনীয় অনুমতিপত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি। তত দিন অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হয়োস।

গত এপ্রিলে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ের মাচেরানো পদত্যাগ করার পর সাময়িকভাবে দায়িত্ব পেয়েছিলেন হয়োস। একসময় বার্সেলোনার একাডেমিতে কাজ করা এই কোচের সঙ্গে মেসির সম্পর্কও বেশ পুরোনো। শুরুতে ইতিবাচক ফল পেলেও সাম্প্রতিক সময়ে তার অধীনে ছন্দ হারিয়েছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পল ও কাসেমিরোর মতো তারকায় ভরা দল নিয়েও শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা।

কোচ বদলের ঘোষণা দেওয়ার সময় কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার জন্য হয়োসকে ধন্যবাদ জানিয়েছে মায়ামি। ক্লাবটি বলেছে, গত এপ্রিল থেকে পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচ খেলেছেন গঞ্জালেস। দেশের জার্সিতে ২০০২ বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন তিনি। ক্লাব ফুটবলে খেলেছেন রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়র্স, রিয়াল জারাগোজা, ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের হয়ে।

২০২০ সালে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেন গঞ্জালেস। এরপর আর্জেন্টিনার ইউনিয়ন সান্তা ফে ও প্লাতেনসের দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দলে একসময় মেসির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করা গঞ্জালেস এবার তার কোচ হিসেবে কাজ করবেন।

আগামী শনিবার সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে খেলবে মায়ামি। তবে বিলম্বে ম্যাচ শুরুসংক্রান্ত নিয়ম বারবার ভাঙায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া হয়োস ওই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না।

মেসির মায়ামিতে কোচ বদল, দায়িত্বে ‘কিলি’ গঞ্জালেস