নেটফ্লিক্সের আদলে নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করছে প্রিমিয়ার লিগ

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, অবশেষে সেটিই বাস্তব হতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে সিঙ্গাপুরে সরাসরি গ্রাহকদের জন্য নিজস্ব স্ট্রিমিং সেবা চালু করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। নাম দেওয়া হয়েছে ‘প্রিমিয়ার লিগ +’। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে, তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে লিগ কর্তৃপক্ষের।
লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স লন্ডনে ফিন্যান্সিয়াল টাইমস বিজনেস অব ফুটবল সামিটে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাবে। প্রচার, মূল্য নির্ধারণ, সাবস্ক্রিপশন ধরে রাখা—সবকিছুই আমাদের নিজেদের সামলাতে হবে। এটি শুধু ব্যবসা নয়, শেখারও একটি বড় সুযোগ।’
এতদিন প্রিমিয়ার লিগ তাদের সম্প্রচার স্বত্ব বিক্রি করত বিভিন্ন টিভি নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের কাছে—ইংল্যান্ডে স্কাই স্পোর্টস, যুক্তরাষ্ট্রে এনবিসি ইত্যাদি। কিন্তু এবার প্রথমবারের মতো নিজস্ব প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ ও কনটেন্ট সম্প্রচার করবে তারা।
মাস্টার্স জানান, সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে সুচিন্তিত পরিকল্পনার অংশ হিসেবে। সেখানে সাফল্য পেলে ধাপে ধাপে অন্য দেশেও একই মডেল চালু করা হতে পারে।
এই প্রকল্পের সঙ্গে মিল রেখে লন্ডনের অলিম্পিয়ায় চালু হচ্ছে নতুন ‘প্রিমিয়ার লিগ স্টুডিওস’ প্রোডাকশন হাব। এর মাধ্যমে লিগ নিজেদের কনটেন্ট প্রযোজনা ও সম্প্রচারে আরও স্বয়ংসম্পূর্ণ হতে চায়।
উত্তর আমেরিকার এনএফএল, এনবিএ ও মেজর লিগ বেসবলের মতো বড় ক্রীড়া সংস্থাগুলো ইতোমধ্যে সরাসরি গ্রাহকভিত্তিক স্ট্রিমিংয়ে গেছে। প্রিমিয়ার লিগও সেই পথে হাঁটতে যাচ্ছে।
তবে আপাতত এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। সফল হলে ‘প্রিমিয়ার লিগ প্লাস’ বিশ্বব্যাপী ফুটবল দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।