Advertisement

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

এশিয়া পোস্ট স্পোর্টস
নতুন ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার
ক্রিস্তিয়ান রোমেরো। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক শেষ করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারকে ৪ কোটি ইউরোয় দলে নেওয়ার বিষয়ে টটেনহামের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ।

Advertisement

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করবেন ২৮ বছর বয়সী রোমেরো। তবে দুই ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০২৪ সাল থেকেই রোমেরোকে দলে নেওয়ার চেষ্টা করছিল আতলেতিকো। কয়েক মাসের অনিশ্চয়তা শেষে এবার সফল হতে চলেছে দিয়েগো সিমিওনের দল। ইন্টার মিলানও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে নিজের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় স্পেনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

২০২১ সালের মাঝামাঝি টটেনহামে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১৫৬ ম্যাচে ১৩ গোল করেছেন রোমেরো। ২০২৫ সালে টটেনহামের ইউরোপা লিগ জয়ের অন্যতম নায়কও ছিলেন তিনি। সেই শিরোপার মাধ্যমে ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল উত্তর লন্ডনের ক্লাবটি।

মাদ্রিদে রোমেরোর জন্য অপেক্ষা করছেন স্বদেশি কোচ সিমিওনে। আতলেতিকোর স্কোয়াডে আর্জেন্টাইন সতীর্থ হিসেবে হুয়ান মুসো, জুলিয়ানো সিমিওনে ও জুলিয়ান আলভারেজকেও পাবেন তিনি। রোমেরোকে নিয়ে রক্ষণভাগ আরও শক্তিশালী করাই এখন স্প্যানিশ ক্লাবটির লক্ষ্য।

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার