বিশ্বকাপ টিকিটের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে ইতালি

বিশ্বকাপে ফেরার লড়াইয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়িয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন কোচ জেনারো গাত্তুসো।
দুই আসর ধরে বিশ্বকাপ থেকে ছিটকে থাকা চারবারের চ্যাম্পিয়ন ইতালির জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার সতর্ক বার্তাও দিয়েছেন গাত্তুসো।
তিনি বলেন, ‘মিথ্যা বলব যদি বলি রাতে ঘুমানোর সময় ‘আমাদের বিশ্বকাপে নাও’—এই কথাগুলো শুনি না। এটা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’
গত বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়ার পর ইতালিকে সরাসরি বিশ্বকাপে তুলতে পারেননি গাত্তুসো। গ্রুপে নরওয়ের পিছনে দ্বিতীয় হওয়ায় এখন প্লে-অফই তাদের একমাত্র পথ।
নর্দার্ন আয়ারল্যান্ডকে নিয়ে সতর্ক গাত্তুসো বলেন, তারা শারীরিকভাবে শক্ত এবং লং বল নির্ভর খেলায় বিপজ্জনক।
‘আমাদের কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকতে হবে। তারা বারবার বল বক্সে পাঠাবে এবং প্রতিটি বলের জন্য লড়বে,’ বলেছেন তিনি।
এই ম্যাচে জয় পেলে ইতালি খেলবে ওয়েলস বা বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ফাইনাল, যেখানে নির্ধারিত হবে বিশ্বকাপে তাদের ভাগ্য।
সব মিলিয়ে, চাপের মাঝেও ইতালি ইতিবাচক থাকতে চায়—কারণ আরেকবার বিশ্বকাপ মিস করার কথা ভাবতেও পারছে না আজ্জুরিরা।