logo

শেষ ষোলোতেই সিটি-রিয়াল মহারণ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

শেষ ষোলোতেই সিটি-রিয়াল মহারণ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

ইউরোপের ফুটবল মানচিত্রে আবারও আঁকা হলো নতুন যুদ্ধরেখা। নিয়নে উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র শেষ হতেই পরিষ্কার—এবার নকআউট পর্ব শুরু হচ্ছে একাধিক ‘ফাইনালসম’ লড়াই দিয়ে। এবারও অবশ্য চিরচারিত এক ম্যাচ। আবারও মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-রিয়াল। 

ড্রয়ের শুরুতেই এই জুটি ঘোষণা হতেই উপস্থিত অতিথিদের মধ্যে ফিসফাস—শেষ ষোলোতেই এমন মহারণ! সাম্প্রতিক মৌসুমগুলোতে ইউরোপে বারবার মুখোমুখি হওয়া এই দুই পরাশক্তির লড়াই আবারও নির্ধারণ করতে পারে শিরোপার সম্ভাব্য পথচিত্র।

অন্যদিকে ইংল্যান্ডের আরেক প্রতিনিধি চেলসির সামনে ফরাসি জায়ান্ট ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তারকাসমৃদ্ধ দুই দলের এই ম্যাচে আক্রমণ বনাম আক্রমণের লড়াইয়ের আভাস স্পষ্ট।

ইংলিশ ক্লাবগুলোর জন্য ড্র মোটেই সহজ হয়নি। লিভারপুল পাবে তুরস্কের গালাতাসারাইকে, যারা প্লে-অফ পেরিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল। আর্সেনাল মুখোমুখি হবে জার্মান দল বায়ার লেভারকুসেনের। আর টটেনহ্যামে প্রতিপক্ষ স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ—দিয়েগো সিমিওনের শিষ্যরা নকআউটে কতটা কঠিন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

স্পেনের বার্সেলোনার সামনে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড। ইতালির আতালান্তা খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর নরওয়ের চমকপ্রদ দল বোদো/গ্লিম্টের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং সিপি।

শেষ ষোলোর ম্যাচগুলো হবে দুই লেগে—১০/১১ মার্চ এবং ১৭/১৮ মার্চ। লিগ পর্বে শীর্ষে থাকা দলগুলো দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে। 

একনজরে পূর্ণাঙ্গ সূচি (দুই লেগ: ১০/১১ ও ১৭/১৮ মার্চ)

ম্যাচপ্রথম লেগদ্বিতীয় লেগ
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটিমাদ্রিদম্যানচেস্টার
নিউক্যাসল বনাম বার্সেলোনানিউক্যাসলবার্সেলোনা
আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহামমাদ্রিদলন্ডন
পিএসজি বনাম চেলসিপ্যারিসলন্ডন
লিভারপুল বনাম গালাতাসারাইলিভারপুলইস্তাম্বুল
আতালান্তা বনাম বায়ার্নবার্গামোমিউনিখ
লেভারকুসেন বনাম আর্সেনাললেভারকুসেনলন্ডন
বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিংবোদোলিসবন