চার মাসের ব্যবধানে স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হওয়ার আগেই ক্লাব মালিকানায় নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছেন আর্জেন্টাইন তারকা। চলতি বছর স্পেনে এটি তার দ্বিতীয় ক্লাব।
এলদেনস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেসির কাছে ক্লাবের মালিকানা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। গত মাসেই কলম্বিয়ার একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের হাতে থাকা সব শেয়ার কেনার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছিলেন মেসি। সেই প্রতিষ্ঠানই ছিল ক্লাবটির আগের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার। তবে লেনদেন পুরোপুরি কার্যকর হতে এখনো স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মালিকানায় তাদের শত বছরের বেশি পুরোনো ইতিহাসে নতুন অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদি এই প্রকল্পের লক্ষ্য ক্লাবটির ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন এবং পেশাদার ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করা।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগ সেগুন্দা ডিভিশনে খেলছে। মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। সাত ম্যাচে চার হারের পর ২২ দলের লিগে ১৯তম স্থানে আছে ক্লাবটি।
স্পেনে ক্লাব মালিকানায় এটি মেসির দ্বিতীয় বিনিয়োগ। গত এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেয়ার মালিকানা কিনেছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে স্পেনের পঞ্চম স্তরে খেলা ক্লাবটি দীর্ঘদিন ধরেই তরুণ ফুটবলার তৈরির জন্য পরিচিত।
এবার অবশ্য তার বিনিয়োগ সরাসরি স্পেনের পেশাদার ফুটবলে। এলদেনসের ভাষায়, মেসির আগমন এমন একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা, যার লক্ষ্য ক্লাবটিকে প্রতিষ্ঠিত করা এবং ধাপে ধাপে আরও এগিয়ে নেওয়া।
