logo

মধ্যপ্রাচ্যের সংকটে স্পেন-আর্জেন্টিনা ‘ফিনালিসিমা’ নিয়ে সংশয়

মধ্যপ্রাচ্যের সংকটে স্পেন-আর্জেন্টিনা ‘ফিনালিসিমা’ নিয়ে সংশয়

কাতারের দোহায় স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচ এখন অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা এবং তার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের ফুটবল প্রতিযোগিতা ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনার এই ম্যাচটি ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। ম্যাচটিতে লামিন ইয়ামাল ও লিওনেল মেসির মতো তারকাদের অংশগ্রহণের কথা ছিল।

রোববার এক বিবৃতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিত করা হলো।’ 

কবে থেকে খেলা পুনরায় শুরু হবে, তা পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে ফিনালিসিমা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার কনমেবল।

শুধু কাতার নয়, আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে অন্য দেশেও। বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সব ম্যাচ স্থগিত করেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, অঞ্চলের চ্যাম্পিয়নস লিগ এলিটের কিছু ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু ও চ্যালেঞ্জ লিগের সূচিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুটবলের বাইরে বাস্কেটবলেও প্রভাব পড়েছে। নিরাপত্তাজনিত কারণে আবুধাবিতে নির্ধারিত নেক্সটজেন ইউরোলিগ বাছাইপর্ব বাতিল করেছে আয়োজকরা। আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থা (ফিবা) ২০২৭ বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের চারটি ম্যাচও স্থগিত করেছে—যার মধ্যে ইরান-সিরিয়া, ইরাক-জর্ডান ও কাতার-সৌদি আরব ম্যাচ রয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারসহ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলো উচ্চ সতর্কতায় রয়েছে।

এই পরিস্থিতিতে মার্চের শেষ দিকে কাতারে স্পেন-আর্জেন্টিনার ম্যাচ আয়োজন আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এখন নজর উয়েফা ও কনমেবলের সিদ্ধান্তের দিকে।