আর্জেন্টিনাকে বিদায়ের আগে মেসির আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগের দিন শেষ অনুশীলনটাও সেরে ফেললেন লিওনেল মেসি। সতীর্থদের সঙ্গে সেই অনুশীলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে লিখলেন ছোট্ট এক বার্তা যা আবেগে ভাসাচ্ছে আলবেসিলেস্তেরা ভক্তদের।
মঙ্গলবার মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর কথা মেসির। তার আগে সোমবার এজেইজায় জাতীয় দলের হয়ে শেষবারের মতো অনুশীলন করেন তিনি।
অনুশীলন শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মেসি। কোনো ছবিতে সতীর্থদের সঙ্গে হাসিমুখে দেখা গেছে তাকে, আবার একটি ছবিতে ছিলেন পুরো দল, কোচিং স্টাফ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীরা।
দলীয় ছবিটিতে ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অনুশীলনের স্মৃতি ধরে রাখতেই যেন সবাইকে এক ফ্রেমে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচকে ঘিরে এরই মধ্যে বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মনুমেন্টাল স্টেডিয়াম পূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচের পাশাপাশি থাকবে নানা আয়োজন ও অতিথি শিল্পীদের উপস্থিতি।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ সদস্যও মেসির বিদায়ী ম্যাচে থাকার কথা। এই ম্যাচের জন্য বিশেষভাবে দলে ডাকা হয়েছে নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকেও। ওতামেন্দিও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বিশেষ কোনো পরিবর্তন না হলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মেসির খেলার সম্ভাবনা রয়েছে। তবে মাঠে নামার আগেই তার আবেগী পোস্ট বলে দিচ্ছে, বিদায়ের বাস্তবতা এখন খুব কাছেই।
