নেইমারকে এখনই বিদায় বলতে মানা করলেন রোনালদো

এশিয়া পোস্ট স্পোর্টস
নেইমারকে এখনই বিদায় বলতে মানা করলেন রোনালদো
নেইমার জুনিয়র। ছবি: গার্ডিয়ান

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন নেইমার। তবে আবেগের মুহূর্তে তাকে কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।

টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, সরাসরি কথা বলার সুযোগ পেলে নেইমারকে আপাতত সব ধরনের চাপ থেকে দূরে থাকতে বলতেন।

রোনালদো বলেন, ‘নিজের ওপর কোনো চাপ নিও না এবং এখনই কিছু ঠিক কোরো না। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।’

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার মনে করিয়ে দিয়েছেন, গত দুই বছর গুরুতর চোট ও পুনর্বাসনের কঠিন সময় পার করেছেন নেইমার। বিশ্বকাপে অংশ নিতেও তাকে শারীরিকভাবে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিছুদিন বিশ্রামের পর নেইমারের মানসিক অবস্থায় পরিবর্তন আসতে পারে বলে মনে করেন রোনালদো।

ভবিষ্যতে কার্লো আনচেলত্তির পরিকল্পনায়ও নেইমার আবার জায়গা করে নিতে পারেন বলে বিশ্বাস তার। রোনালদোর মতে, ফিটনেস ও ছন্দ ফিরে পেলে ব্রাজিল কোচ তাকে জাতীয় দলের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন।

রোনালদোর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদপত্র এএস। ‘রোনালদো নেইমারকে নিয়ে বিতর্ক আবারও সামনে আনলেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছে, ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় এখনই শেষ ধরে নেওয়ার সুযোগ নেই। এএসের প্রতিবেদন

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার বলেছিলেন, ‘এখানেই শেষ। আমি এখান থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’ তার সেই বক্তব্য জাতীয় দলকে বিদায় বলার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছিল।

৩৪ বছর বয়সী নেইমার ২০৩০ বিশ্বকাপের সময় ৩৮ বছরে পা দেবেন। এএসের বিশ্লেষণ, তখন মূল খেলোয়াড় হিসেবে না হলেও অভিজ্ঞ নেতা কিংবা বিকল্প হিসেবে ব্রাজিল দলে তার জায়গা হতে পারে।

গুরুতর চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর ২০২৬ বিশ্বকাপে খেলেছেন নেইমার। পুরো টুর্নামেন্টেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ছিল। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সেই আলোচনার জায়গা নিয়েছে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ। রোনালদোর পরামর্শে আপাতত সেই ভবিষ্যতের দরজাটি খোলাই থাকছে।