পুরোনো ক্লাবে ফিরতে চেয়েও পারলেন না বেনজেমা

যে ক্লাবে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছেন, সেই লিওঁর জার্সি আবার গায়ে তুলতে চেয়েছিলেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফুটবলার করিম বেনজেমা। সে জন্য এক মৌসুম বেতন ছাড়াই খেলতে রাজি ছিলেন। কিন্তু ঘরে ফেরার ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি ফুটবলের সঙ্গে তার একটি চুক্তি।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, এবারের গ্রীষ্মের দলবদলে বেনজেমাকে ফেরানোর কথা ভেবেছিলেন লিওঁর কর্তারা। ৩৮ বছর বয়সী এই তারকাও বেশ আগ্রহী ছিলেন। তার ঘনিষ্ঠজনেরা আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুরোনো ক্লাব ও নিজের শহরের প্রতি ভালোবাসা থেকেই বিনা বেতনে খেলার কথা ভেবেছিলেন তিনি। সূত্র: লেকিপ
আলোচনার সময় অবশ্য আলহিলালের সঙ্গে চুক্তিতে ছিলেন বেনজেমা। সেই বাধা এখন আর নেই। গত ৩১ আগস্ট সৌদি ক্লাবটি জানায়, দুপক্ষের সমঝোতায় তার চুক্তি শেষ হয়েছে। বিদায়ী বার্তায় তাঁর অবদান, পেশাদারত্ব ও নেতৃত্বের প্রশংসাও করে আলহিলাল।
তবে ক্লাবের চুক্তি শেষ হলেও সৌদি প্রো লিগের দূত হিসেবে বেনজেমার চুক্তির মেয়াদ রয়েছে ২০৩০ সাল পর্যন্ত। লেকিপের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির শর্তে সৌদি লিগের বাইরে খেলার সুযোগ নেই। লিওঁতে ফিরতে হলে বিশেষ ছাড় প্রয়োজন ছিল, যা আদায় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
লেকিপ আরও জানিয়েছে, সৌদি লিগের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রাখতে চান বেনজেমা। ফলে বেতন ছেড়ে দেওয়ার ইচ্ছাও তার পুরোনো ক্লাবে ফেরার পথ খুলতে পারেনি।
২০০৯ সালে লিওঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। সেখানে ১৪ মৌসুমে ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করে ক্লাবের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ জেতেন ২৫টি শিরোপা। রিয়ালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে ব্যালন ডি’অরও ওঠে তার হাতে।


