logo

মাত্র পাঁচজনকে নিয়ে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু

মাত্র পাঁচজনকে নিয়ে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
ব্রাজিলের তরুণ ফুটবলার এস্তেভাওর সাথে আনচেলত্তি। ছবি: সিবিএফ

২০৩০ বিশ্বকাপের নতুন চক্রের প্রস্তুতি শুরু করল ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে তিন প্রীতি ম্যাচ সামনে রেখে ব্রিসবেনে ক্যাম্প শুরু করেছেন কার্লো আনচেলত্তি। তবে প্রথম দিনের অনুশীলনে তার হাতে থাকছেন মাত্র পাঁচজন ফুটবলার।

দীর্ঘ ভ্রমণ ও জটিল সূচির কারণে খেলোয়াড়দের পাঁচ দিনে ধাপে ধাপে অস্ট্রেলিয়ায় নেওয়ার পরিকল্পনা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ফলে বুধবারের আগে পুরো স্কোয়াডকে একসঙ্গে পাচ্ছেন না আনচেলত্তি।

শনিবার কোচিং স্টাফের সঙ্গে ব্রিসবেনে পৌঁছান গ্রেমিওর তরুণ গোলরক্ষক গ্যাব্রিয়েল মেনেগন। মূল স্কোয়াডের সদস্য না হলেও অনুশীলনের জন্য তাকে সঙ্গে রাখা হয়েছে। রোববার যোগ দেন দগলাস সান্তোস ও এস্তেভাও।

সোমবার সকালে ব্রিসবেনে পৌঁছানোর কথা ছিল ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের। কিন্তু ঘন কুয়াশার কারণে তাদের বিমান ব্রিসবেনে নামতে না পেরে সিডনিতে চলে যায়। পরে দুজনেরই ব্রিসবেনে পৌঁছে বিকেলের জিম সেশনে যোগ দেওয়ার কথা।

একই দিনে জাইর ও রাফিনিয়ারও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার পৌঁছাবেন আরও ১৭ জন, যাদের মধ্যে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, মারকিনিওস, ভিতোর রেইস ও আন্দ্রে সান্তোস।

সবশেষে বুধবার যোগ দেবেন ওতাভিও, আর্তুর দিয়াস ও ভান্দারসন। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে পূর্ণ দল নিয়ে মাত্র দুটি অনুশীলন সেশন করার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে আনচেলত্তির।

আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে আবারও মুখোমুখি হবে দুই দল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে এটিই হবে ব্রাজিলের সিনিয়র দলের ইতিহাসের প্রথম ম্যাচ।

বিশ্বকাপের পর আনচেলত্তির প্রথম দলটিতে আছেন ২৬ ফুটবলার। নতুন চক্রে তরুণদের পরখ করে দেখা এবং ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই এই তিন ম্যাচকে কাজে লাগাতে চায় ব্রাজিল।