logo

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে ইতালির কোচের পদ ছাড়লেন গাত্তুসো

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে ইতালির কোচের পদ ছাড়লেন গাত্তুসো

ইতালির ফুটবলে অস্থিরতা থামার নাম নেই। বিশ্বকাপে জায়গা না পাওয়ার ধাক্কা কাটতে না কাটতেই এবার জাতীয় দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন জেন্নারো গাত্তুসো।

শুক্রবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, সমঝোতার ভিত্তিতেই দায়িত্ব ছাড়ছেন তিনি। তবে গাত্তুসোর নিজের কথাতেই বোঝা যায়, সিদ্ধান্তটা সহজ ছিল না।

তিনি বলেছেন, হৃদয়ে কষ্ট নিয়েই এই অধ্যায় শেষ করছেন। বিশ্বকাপে দলকে তুলতে না পারার দায় নিজের কাঁধেই নিয়েছেন এই সাবেক মিডফিল্ডার।

বসনিয়ার বিপক্ষে প্লে-অফ ফাইনালই ছিল মোড় ঘোরানো মুহূর্ত। পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপের টিকিট হারায় ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে থেকে যায় চারবারের চ্যাম্পিয়নরা, যা তাদের ইতিহাসে বিরল এক অধ্যায়।

এই ব্যর্থতার পরপরই বদলের হাওয়া লাগে ইতালিয়ান ফুটবলে। প্রথমে পদ ছাড়েন ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা। এরপর সরে দাঁড়ান দলের প্রতিনিধি জিয়ানলুইজি বুফন। সেই ধারাবাহিকতায় এবার কোচের পদ থেকেও বিদায় নিলেন গাত্তুসো।

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই চ্যালেঞ্জের মুখে ছিলেন তিনি। বাছাইপর্বে নরওয়ের পেছনে পড়ে দ্বিতীয় হওয়ায় প্লে-অফে নামতে হয় ইতালিকে। প্রথম ধাপ পেরোলেও শেষ বাধা টপকাতে পারেনি দল।

বিদায়ের বার্তায় গাত্তুসো বলেছেন, ইতালির নীল জার্সি তার কাছে সবচেয়ে মূল্যবান। তাই এখন মনে করছেন, নতুন কোচিং স্টাফের হাতে দায়িত্ব তুলে দেওয়াই ঠিক সিদ্ধান্ত।

খেলোয়াড়দের নিয়েও তিনি ইতিবাচক কথা বলেছেন। কঠিন সময়েও দল লড়াই করেছে, জার্সির প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়নি, এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

এখন প্রশ্ন একটাই। এই ধাক্কার পর ইতালি কীভাবে ঘুরে দাঁড়াবে?