logo

একই দিনের ম্যাচেই পূর্ণ হবে বিশ্বকাপের লাইনআপ

একই দিনের ম্যাচেই পূর্ণ হবে বিশ্বকাপের লাইনআপ

২০২৬ বিশ্বকাপের ছবি প্রায় সম্পূর্ণ। বাকি আছে মাত্র ছয়টি জায়গা, আর সেই শেষ ছয় দলের নাম উঠে আসবে একই দিনের ম্যাচগুলো থেকে। ইউরোপিয়ান প্লে-অফ ও আন্তঃমহাদেশীয় লড়াই—দুই মঞ্চ মিলিয়ে ১২টি দলের সামনে শেষ সুযোগ, যেখানে জয় মানেই বিশ্বকাপ।

ইউরোপ অঞ্চলে চারটি প্লে-অফ ফাইনাল ঘিরে সবচেয়ে বেশি উত্তেজনা। আগামীকাল ১ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে নির্ধারিত হবে চারটি স্পট। বসনিয়া ও হার্জেগোভিনা মুখোমুখি ইতালির চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি অনেকটা সম্মান রক্ষার লড়াই। একই সময়ে চেকিয়া খেলবে ডেনমার্কের বিপক্ষে, কসোভোর প্রতিপক্ষ তুরস্ক এবং সুইডেনের সামনে পোল্যান্ড। এই চার ম্যাচের বিজয়ীরাই সরাসরি নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট।

অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফেও লড়াই কম নয়। রাত ৩টায় কঙ্গো খেলবে জ্যামাইকার বিপক্ষে, যেখানে আফ্রিকার দলটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফেরার স্বপ্ন দেখছে। আর দিনের শেষ ম্যাচে রাত ৯টায় বলিভিয়ার মুখোমুখি হবে ইরাক, যে দলটি ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে ওঠার লক্ষ্যে লড়ছে।

এই ছয়টি জায়গার লড়াই শুধু সংখ্যার হিসাব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, প্রত্যাবর্তনের গল্প এবং নিজেদের নতুন করে প্রমাণ করার সুযোগ। ইউরোপের শক্তিশালী দল থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চের বাইরে থাকা দল। সবার লক্ষ্য একটাই, শেষ মুহূর্তে টিকিট নিশ্চিত করা।

সব মিলিয়ে একই দিনের ছয়টি ম্যাচই ঠিক করে দেবে ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ লাইনআপ। কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে যেতে পারে বহু দলের ভাগ্য, আর শেষ পর্যন্ত পূর্ণ হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের মঞ্চ।