logo
Advertisement

জাতীয় দল থেকে ৯ ফুটবলারকে ফেরত চাইল মোহামেডান

জাতীয় দল থেকে ৯ ফুটবলারকে ফেরত চাইল মোহামেডান
মোহামেডান স্পোর্টিং ক্লাবের লোগো। ছবি: মোহামেডানের ফেসবুক পেজ

নতুন মৌসুমের প্রস্তুতি এখনো শুরু করতে পারেনি দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ দলের নয়জন ফুটবলার রয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। এ অবস্থায় আগামীকালের মধ্যেই তাদের ফেরত চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান।

জাতীয় দলের ক্যাম্পে থাকা মোহামেডানের ফুটবলাররা হলেন সুজন হোসেন, আনিসুর রহমান, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ, ফয়সাল আহমেদ, সৌরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন।

আগামী মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের সূচি রোববার রাতে চূড়ান্ত করেছে বাফুফে। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে এতজন খেলোয়াড় থাকায় এখনো অনুশীলন শুরু করতে পারেনি মোহামেডান। সেই কারণেই দ্রুত ফুটবলারদের ক্লাবে ফেরানোর অনুরোধ জানিয়েছে তারা।

এর আগে ৮ সেপ্টেম্বর শীর্ষ লিগের ১০টি ক্লাব যৌথভাবে বাফুফেকে চিঠি দিয়েছিল। জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ঘরোয়া মৌসুমে দীর্ঘ বিরতির আশঙ্কা জানিয়ে ছয় দফা দাবি তুলে ধরেছিল ক্লাবগুলো। তবে সেই দাবির মধ্যেই লিগ ও ফেডারেশন কাপের সূচি চূড়ান্ত করেছে বাফুফে।

মোহামেডানের নতুন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন। তিনি বলেন, ‘মাত্র তো চিঠিটা পেলাম। এখনই বলতে পারছি না কিছু। কমিটির অন্যদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

তবে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে আপত্তি নেই মোহামেডানের। ক্লাবটি চিঠিতে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিয়ম অনুযায়ী আবারও খেলোয়াড় ছাড়তে তারা প্রস্তুত।

এখন বাফুফে কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে মোহামেডান কবে পূর্ণাঙ্গ দল নিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে পারবে।