logo

গোল ছাড়াই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

গোল ছাড়াই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফের ফেসবুক পেজ

শেষ ম্যাচে অন্তত হার এড়াল বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান গেমসের গ্রুপ পর্বে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের দল।

ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার ম্যাচের ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ০-০ সমতায় শেষ হয় বাংলাদেশের এবারের এশিয়ান গেমস অভিযান।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটিই ছিল জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় হার। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছেও ৬–০ ব্যবধানে হারে লাল-সবুজের দল।

তিন ম্যাচ শেষে তাই বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। কোনো গোল করতে না পারলেও শেষ ম্যাচে প্রথমবার নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছে তারা।

মিয়ানমারের বিপক্ষে এই ম্যাচের আগে অবশ্য সাম্প্রতিক স্মৃতিটা সুখকর ছিল বাংলাদেশের। গত বছরের জুলাইয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েই প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এবার এশিয়ান গেমসে সেই জয় পুনরাবৃত্তি করতে পারেনি বাটলারের দল। তবে টানা দুই বড় হারের পর শেষ ম্যাচে ড্র দিয়েই আসর শেষ করল বাংলাদেশ।

এ নিয়ে এশিয়ান গেমসের নারী ফুটবলে দ্বিতীয়বার অংশ নিয়ে আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। ২০২২ আসরেও এক ড্র ও দুই হার নিয়ে শেষ করেছিল তারা।