logo

জুয়ার প্রচারে জড়িয়ে বিতর্কে এমি মার্টিনেজ

জুয়ার প্রচারে জড়িয়ে বিতর্কে এমি মার্টিনেজ

ইংল্যান্ডের ফুটবলে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার যুক্ত থাকার তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে বেটিং কার্যক্রম প্রচার করা নিষিদ্ধ—তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনাভিত্তিক বেটিং প্ল্যাটফর্ম বিপ্লের সঙ্গে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন অ্যা এই গোলরক্ষক। ২০২৪ সালের জুনে প্রকাশিত এক প্রচারণায় তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং একটি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

এরপর ২০২৫ সালের অক্টোবরে নতুন একটি প্রচারণায়ও অংশ নেন মার্টিনেজ। সেই ক্যাম্পেইনে তার সঙ্গে ছিলেন তার ভাই আলেহান্দ্রো মার্টিনেজ, যিনি পেশাদার মোটরস্পোর্টস ড্রাইভার। প্রচারণার মূল ভাবনা ছিল—ভিন্ন ভিন্ন পথে চললেও খেলাধুলা মানুষকে একত্র করতে পারে।

তবে এফএর নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে খেলা পেশাদার ফুটবলাররা ব্যক্তিগতভাবে কোনো বেটিং কার্যক্রম প্রচার বা বিজ্ঞাপন করতে পারেন না। কারণ, খেলোয়াড়রা নিজেরাই এসব প্রতিযোগিতায় বাজি ধরতে নিষিদ্ধ। এই নিয়মের আওতায় খেলোয়াড়দের যে কোনো ধরনের বেটিং প্রচারণা থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপ্লে প্ল্যাটফর্মে বিভিন্ন বড় ফুটবল প্রতিযোগিতায় বাজির সুযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ এবং উয়েফা ইউরোপা লিগ যেসব প্রতিযোগিতায় চলতি মৌসুমে অ্যাস্টন ভিলা অংশ নিয়েছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এফএ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত। তবে এখন পর্যন্ত মার্টিনেজ, অ্যাস্টন ভিলা বা বেটিং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০১৯ সালে একই ধরনের ঘটনায় আরেক ফুটবলারকে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছিল এফএ, কারণ তিনি একটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন।

এদিকে বর্তমানে অ্যাস্টন ভিলার জার্সির সামনের স্পন্সরও একটি বেটিং কোম্পানি—বেটানো। তবে নতুন নিয়ম অনুযায়ী ২০২৬-২৭ মৌসুম থেকে প্রিমিয়ার লিগে জার্সির সামনে জুয়া প্রতিষ্ঠানের স্পন্সরশিপ নিষিদ্ধ করা হবে।

বেটিংসংক্রান্ত নানা বিতর্কের পর খেলোয়াড়দের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে এফএ। বিশেষ করে ইংল্যান্ড স্ট্রাইকার ইভান টনির বেটিং কেলেঙ্কারির পর থেকে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচিও চালু করা হয়েছে।